নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার গারোবাজারে মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল মোতালেব ও উপজেলা যুবলীগের সদস্য মহি উদ্দিন (চেয়ারম্যান প্রার্থী) গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষে মহি উদ্দিন গ্রুপের মহি উদ্দন (৪২),বেলায়েত হোসেন (৩৫),ইয়ামিন শেখ (২৬),মোস্তফা (৩২),পারিজুল (১৭)মাসুদ রানা (২৬) ও আনোয়ার হোসেন (২৮) এবং অপর পক্ষের স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.শওকত হোসেন ও ব্যবসায়ী বেলালসহ ১০ জন আহত হয়েছেন।
ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন। সংঘর্ষের সময় স্থানীয় আ.রাজ্জাকের রড-সিমেন্টের দোকান ও মহি উদ্দন গ্রুপের কয়েকটি মোটরসাইকেল ভাংছুর হয়েছে।
উপজেলা যুবলীগের সদস্য মহি উদ্দিন জানান, ইউএনও’র কাছে কাজী গ্রুপের বিরোদ্ধে গারোবাজার থেকে রপ্তানীর নামে অবৈধ চাঁদা আদায়ের অভিযোগ করায় তারা পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করেছে।
মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল মোতালেব জানান,মহি উদ্দন তার লোকদের নিয়ে মিছিল বের করে কটাক্ষমূলক কথাবার্তা বলায় এ ঘটনা ঘটেছে।
মধুপুর থানার এস.আই সুশান্ত চন্দ্র সরকার জানান,হাটের ইজারা ও রপ্তানী নিয়ে বর্তমান চেয়ারম্যান ও মহি উদ্দন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছে। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। কেউ মামলা করেনি,মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
