নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে গত ২৪ ঘন্টায় পিতা-পুত্র ও পুলিশের এক এএসআইসহ নতুন করে আরও ১১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮৫ জন।
বুধবার (৮ জুলাই) উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাকসুদা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন শনাক্তকৃত ব্যক্তিরা হলেন মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের পলাশতলী গ্রামের এক পুরুষ (৫৪) ও তার ছেলে (১৭)। মহেড়া ইউনিয়নের পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) এক এএসআই (৩০) এবং দুই কনস্টেবল (৫৩) ও (৩০)। মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সাউথইস্ট টেক্সটাইল গার্মেন্টসে কর্মরত এক পোশাক শ্রমিক (২৭)।
উপজেলার জামুর্কী ইউনিয়নে স্বাস্থ্য কমপ্লেক্সের (ইউএইচসি) এক গাড়ি চালক (২৯), লতিফপুর ইউনিয়নের পূর্ব চাঁনপুর গ্রামের এক পুরুষ (৩৪), পার্শ্ববর্তী তরফপুর ইউনিয়নের পূর্ব ধানচালা গ্রামের এক পুরুষ (৪০)। এছাড়া পৌরসভার বাইমহাটী গ্রামের এক কিশোরী (১৩) ও এক পুরুষ (৪৩) রয়েছেন।
মির্জাপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে সর্বমোট ২৮৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছে মোট ৮৬ জন আর মারা গেছে ৫ জন। বাকি ১৯৪ জন বিভিন্ন হাসপাতালে ও নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
