নিউজ টাঙ্গাইল ডেস্ক: কৃষক শ্রমিক জনতালীগ সভপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, সম্প্রতি (শুক্রবার) আমাদের প্রধানমন্ত্রী বলেছেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় বাঙ্গালিদের ওপর গুলি চালিয়েছেন। নাউযুবিল্লাহ। এমন ডাহা মিথ্যা কথা বলেন কিভাবে? মুক্তিযোদ্ধা হিসেবে যদি জিয়াউর রহমানের বদনাম হয় তাহলে এটা মুক্তিযুদ্ধকে বদনাম করা হবে। তিনি আরও বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে জিয়াউর ছিলেন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। তিনি বলেন, ২৫ মার্চ মধ্যরাত পর্যন্ত জিয়াউর রহমান পাকিস্তানের পক্ষে ছিল, তাই বলে বাঙ্গালিদের ওপর গুলি চালায়নি। প্রকৃতপক্ষে গুলি চলেছিল জয়দেবপুরের টুঙ্গীতে। বঙ্গবন্ধুকে যখন খুন করা হয় শফীউল্লাহ সেনাপ্রধান ছিলেন। জিয়াউর রহমানকে খুনি বললে কেএম শফিউল্লাহকে খুনির বাপ বলতে হবে।
আজ শনিবার বিকেলে নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার যাদবপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, হাসিনা বলে খালেদা জিয়া চোর আবার খালেদা জিয়া বলে হাসিনা চোর। তিনি জনসভায় প্রশ্ন রাখেন, তাহলে আমরা কি চোরের দেশে বাস করি। হাসানুল হক ইনুর সমালোচনা করে তিনি বলেন, ইনু যত মানুষ মেরেছে মুক্তিযুদ্ধে পাকিস্তানিরাও তত মানুষ মারে নাই। শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন,তার বাপকে যারা মেরেছে, তারাই এখন হাসিনার ঘাঁড়ে উঠেছে।
ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগ সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতিক, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক জনতালীগ সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালে ক হিটলু, উপজেলা সভাপতি আতোয়ার রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক মীর জুলফিকার শামীম, কেন্দ্রীয় যুব আন্দোলন সভাপতি হাবিবুন্নবী সোহেল, নাটোর জেলা সভাপতি শহিদুল্লাহ মুন্সি প্রমূখ।
