মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
Homeদেশের খবরময়মনসিংহে বাবার আট লাখ টাকা নিয়ে পালালো শিশু, অতঃপর...

ময়মনসিংহে বাবার আট লাখ টাকা নিয়ে পালালো শিশু, অতঃপর…

ময়মনসিংহের মুক্তাগাছায় পরিবারের সঙ্গে অভিমান করে নগদ আট লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সাব্বির আহমেদ রাকিন নামের বার বছর বয়সী শিশুকে তার বাবার কাছে টাকাসহ বুঝিয়ে দেয়া হয়।

জানা যায়, গত বৃহস্পতিবার মা-বাবার অগোচরে বাড়ির সিন্দুকে রাখা নগদ আট লাখ টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় মুক্তাগাছা থানার তারাটি ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা ধান-চালের ব্যবসায়ী তারেকুল ইসলামের ছেলে রাকিন।

থানা পুলিশ জানায়, সাব্বির আহমেদ রাকিন একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। বাবার কাছে মাহফিলে যাওয়ার জন্য আবদার করে, কিন্তু বাবা রাজি না হওয়ায় সে রাগ করে বৃহস্পতিবার সকালে ঘরের সিন্দুক থেকে আট লাখ টাকা নিয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর সারা রাত সে ময়মনসিংহ রেল স্টেশনে কাটায়। তারপর অজ্ঞাত ব্যক্তির সঙ্গে পরিচয় হয় এবং তার হাত ধরে ত্রিশাল চলে যায়।

মুক্তাগাছা থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. জাহাঙ্গীর আলম ও এসআই আবুল খায়েরের নেতৃত্বে খোঁজাখুঁজির একদিন গত শুক্রবার বিকালে অক্ষত অবস্থায় রাকিনকে ময়মনসিংহের ত্রিশাল থানার একটি গ্রাম থেকে পুরো আট লাখ টাকাসহ উদ্ধার করা হয়। পরে শনিবার পরিবারের কাছে টাকাসহ শিশুকে বুঝিয়ে দেয়া হয়।

মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস ঢাকা টাইমসকে জানান, বিষয়টি আমাদের কাছে ছিল অনেক চ্যালেঞ্জের। কারণ এই টাকাগুলোর জন্য ছেলেটির জীবন বিপন্ন হতে পারত। কিন্তু মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এমন কিছু ঘটেনি। অবশেষে শনিবার উদ্ধারকৃত টাকাসহ রাকিনকে তার পিতার কাছে বুঝিয়ে দেয়া হয়।

সকল বাবাকে অনুরোধ করে ওসি বলেন, আপনাদের টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসগুলো সুরক্ষিত রাখুন এবং নিজেদের সন্তানদের প্রতি খেয়াল রাখুন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular