অনলাইন থেকে: কক্সবাজারের টেকনাফে শরণার্থী শিবিরে এক রোহিঙ্গা ব্যক্তিকে তার স্ত্রী কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ‘ঘুমন্ত স্বামীকে হত্যার’অভিযোগে সাজিদা বেগম (২৩) নামে ওই নারীকে আটক করেছে পুলিশ।
টেকনাফের উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা শিবিরের সি/২ ব্লকে শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অধিনায়ক এসপি তারিকুল ইসলাম রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, দাম্পত্য কলহের জেরে শরণার্থী শিবিরের বাসিন্দা সৈয়দুর রহমানকে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে কুপিয়ে জখম করেন স্ত্রী সাজিদা বেগম। পরে স্থানীয়রা মুমূর্ষু সৈয়দুরকে উদ্ধার করে শিবিরের অভ্যন্তরের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হত্যার অভিযোগে ওই রোহিঙ্গা নারীকে আটক করে পুলিশ। এসময় একটি লম্বা দা জব্দ করা হয়।
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহম্মদ মনজুর মোরশেদ বলেন, আটক সাজিদা বেগম স্বামীকে কুপিয়ে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
