Homeদেশের খবরলক্ষ্মীপুরে ৩ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী

লক্ষ্মীপুরের রায়পুরে আরাফাত সায়েম (১৪) ও ইকরামুল হাসান মিনহাজ (১৪) নামের দুই শিক্ষার্থী তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে স্কুল ও মাদ্রাসায় যাওয়ার পথে তারা দুজনই পৃথকভাবে নিখোঁজ হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টায় নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন তাদের অভিভাবক প্রবাসী এমরান হোসেন ও ব্যবসায়ী জাকির হোসেনসহ স্বজনরা।

নিখোঁজ আরাফাত সায়েম কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেন ও গৃহিণী আমেনা বেগমের একমাত্র সন্তান। সে রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

নিখোঁজ মো.ইকরামুল হাসান মিনহাজ চরপাতা ইউনিয়নের গাজিনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও গৃহিণী ফাহিমা আক্তারের একমাত্র ছেলে। সেও রায়পুর আলিয়া কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

এদিকে, নিখোঁজ দুই শিক্ষার্থীর অভিভাবক ও স্বজনরা তাদের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের সহযোগিতা চেয়েছেন। এতে তারা লেখেন, রোববার সকালে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিনহাজ এবং সায়েম স্কুল ও মাদ্রাসায় যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ শিশু সায়েমের বাবা জাকির হোসেন ও মিনহাজের বাবা এমরান হোসেন বলেন, ‘রোববার সকালে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য তারা বাড়ি থেকে বের হয়েছে। এরপর সারাদিন আর বাড়িতে ফেরেনি। আমরা সব আত্মীয়স্বজনের বাসায় খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোথাও তাদের খোঁজ পাইনি। পরে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমরা সবার কাছে সহযোগিতা চাইছি। তাদের সন্ধান পেলে আমাদের জানানোর অনুরোধ জানাচ্ছি।’

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, সায়েম ও মিনহাজ নামে দুই শিক্ষার্থীর নিখোঁজ ডায়েরি পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। পুলিশ তাদের উদ্ধারের চেষ্টা করছে।

RELATED ARTICLES

Most Popular