এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে আওয়ামীলীগ নেতা নবু ও তার ছেলের বিরুদ্ধে বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যের হাত থেকে খেয়াঘাট ইজারার দরপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২৯ জুন মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম নবু ও তার ছেলে লিঙ্কন মিয়ার বিরুদ্ধে বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত (৭, ৮, ৯) ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রেনু আক্তার বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন।
জানা যায়, উপজেলার বহেড়াতৈল বাজার খেয়াঘাট এক বছরের জন্য ইজারা দেওয়ার লক্ষ্যে ২১ জুন দরপত্র আহ্বান করা হয়। শিডিউল কেনার সর্বশেষ তারিখ ছিল গত ২৮ জুন। ১০ জন ইজারা নেওয়ার জন্য শিডিউল কেনেন বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রেনু আক্তার । গতকাল মঙ্গলবার বেলা ১টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়। বেলা ১১টায় আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম প্রথম দরপত্র জমা দেন।এরপর দুপুর সাড়ে ১২টার দিকে মহিলা ইউপি সদস্য রেনু বেগম দরপত্র জমা দেওয়ার জন্য ইউএনও কার্যালয়ের সামনে এলে আ.লীগ নেতা নজরুল ইসলাম নবু ও তাঁর ছেলে লিঙ্কন মিয়া রেনু আক্তারের কাছে থাকা দরপত্র জোরপূর্বক ছিনিয়ে নেয় । পরক্ষণেই রেনু বেগম বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন।
এ ব্যপারে ইউপি সদস্য রেনু আক্তার বলেন, ‘ওই নেতা ও তাঁর ছেলে আমার হাত থেকে জোরপূর্বক দরপত্র এবং সংশ্লিষ্ট কাগজপত্র কেড়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। আমি বাপ বেটা দুজনকেই আসামি করে থানায় মামলা করেছি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, এ ঘটনার কারণে খেয়াঘাটের ইজারার দরপত্র স্থগিত রাখা হয়েছে।
