সখীপুরে এক নারী গ্রাম পুলিশকে শ্লীলতাহানীর চেষ্টা ইউপি সচিবকে এক বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে কালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোশারফ হোসেনকে (৪৫)এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ওই ইউনিয়ন পরিষদের নারী গ্রাম পুলিশকে (মহল্লাদার ) (১৮) শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে এ দণ্ড দেওয়া হয়।   মঙ্গলবার সন্ধ্যা ছয় টার দিকে ওই ইউনিয়ন পরিষদে আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী এ সাজা দেন।

ভ্রাম্যামাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোশারফ হোসেন নারী গ্রাম পুলিশকে  ওই পরিষদের দুতলার একটি কক্ষ পরিস্কার করতে পাঠান।

পরে সচিব মোশারফ হোসেন ওই কক্ষে গিয়ে তাকে জোরপূর্বক শ্লীলতাহানীর চেষ্টা করে। এক পর্যায়ে ওই নারী মহল্লাদার দৌড়ে নিচে নেমে এসে বিষয়টি চেয়ারম্যান কামরুল হাসানসহ উপস্থিত সকলকে জানান। চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারীকে জানান। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই সচিবকে এক বছরের কারাদণ্ড দেন।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী বলেন, শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগের সত্যতা পাওয়ায় সচিব মোশারফ হোসেনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর