নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে স্কুল পড়ুয়া তিন ক্ষুদে উদ্দ্যোক্তার ৩২০ টি হাঁস নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুরে উপজেলার ইছাদিঘী আতিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাফিউল খান, রিফাত খান ও নঈম মিয়া নামের স্কুল পড়ুয়া তিন শিক্ষার্থী করোনার কারনে স্কুল বন্ধ থাকায় পড়া লেখার পাশাপাশি হাঁস পালনে উদ্যোগ নেয়। গত পাঁচ মাস আগে স্থানীয় বাজার থেকে আট হাজার টাকা দিয়ে ৩২০টি হাসের বাচ্চা ক্রয় করে। দীর্ঘ পাঁচ মাস লালন পালন করার পর এখন হাঁস গুলো ডিম দিতে শুরু করে। রবিবার দুপুরে বাড়ির পাশের এক অনাবাদী জলাশয় থেকে হাঁসগুলো বাড়ি নিয়ে আসার পথে ২৫ থেকে ২৬ জন যুবকের একটি গ্রুপ এসে হাঁস গুলো পাশ্ববর্তী গ্রাম গিলাচালা নিয়ে যায়।
রিফাত খান বলেন, প্রতিদিনের মতো আমরা তিনজন মিলে রবিবার দুপুরে হাঁস গুলো বাড়ি নিয়ে আসতে ছিলাম। পার্শ্ববর্তী গিলাচালা গ্রামের ২৫ থেকে ২৬ জন লোক এসে বলে তোদের হাসের সাথে আমাদের হাস চলে আসছে। এ কথা বলেই তারা হাঁসগুলো নিয়ে যায়।
রাফিউল খান বলে, আমরা ছাত্র মানুষ অনেক কষ্টে সামান্য আয়ের আশায় হাসগুলো লালন পালন করছি। এতে আমাদের প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। আমরা আমাদের হাসগুলো ফেরত চাই।
স্থানীয় ইউপি সদস্য রজব আলী বলেন, বিষয়টি মিমাংসা করার চেষ্টা চলছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
