শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ১৩ কেজি ধানে ১ কেজি পেঁয়াজ!

সখীপুরে ১৩ কেজি ধানে ১ কেজি পেঁয়াজ!

নিজস্ব প্রতিনিধি: গত দুই দিনের ব্যবধানে টাঙ্গাইলের সখীপুরে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৮০-৯০ টাকা। প্রশাসনের নজরদারির অভাবে পেঁয়াজের দাম বেড়েছে বলে মনে করেন সাধারণ ক্রেতারা। শুক্রবার স্থানীয় বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতিকেজি ২০০-২২০ টাকা দরে। অথচ কৃষকের আবাদ করা ধান প্রতিকেজি ১৬ টাকা বা ৬৫০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। ফলে ১ কেজি পেঁয়াজের দামে ধান মিলছে ১৩ কেজি। শুক্রবার সকালে পৌর শহরের খুচরা সবজি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

অথচ গত সোম ও মঙ্গলবারও প্রতিকেজি পেঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকা দরে বিক্রি হয়েছে। ফলে দামের ঝাঁজে অস্থির হয়ে উঠেছে ক্রেতা সাধারণ। গত কয়েক মাস যাবৎ সখীপুরের বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে।

জানা যায়, আড়তদাররা সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজের দাম নির্ধারণ করেন। ফলে তাদের ইচ্ছেমতো বিক্রি হচ্ছে। যে কারণে পেঁয়াজের দাম কমার লক্ষণ দেখা যাচ্ছে না।

দাম বাড়ার বিষয়ে একাধিক আড়তদাররা জানান, পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া স্থানীয় মোকামে পেঁয়াজের আমদানি কম হওয়ায় পেঁয়াজ আসছে না বলেও তারা জানান।

সাধারণ ক্রেতারা বলছেন, প্রশাসনের নিয়মিত নজরদারি থাকলে বাজারে সিন্ডিকেট কোনো সুযোগ নেই। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

গড়বাড়ি বাজারের খুচরা ব্যবসায়ী কামাল হোসেন বলেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে কিছুই করার নেই। আমরা যে দামে পেঁয়াজ কিনি তার চেয়ে কিছু লাভে বিক্রি করি।

তৈলধারা গ্রামের কৃষক রুহুল আমীন বলেন, আমি বৃহস্পতিবার বড়চওনা হাটে ৪ পাহারি (২০ কেজি) ধান বিক্রি করার জন্য নেই। সেই ধান ৬৫০ টাকা মণ ধরে বিক্রি করে যে টাকা পেয়েছি তা দিয়ে ২ কেজি পেঁয়াজের টাকা হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুর রহমান বলেন, বাজার নিয়ন্ত্রণে নজরদারি শুরু হয়েছে। আশা করি দাম নিয়ন্ত্রণে আসবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular