বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
Homeজাতীয়সখীপুরে ২ কলেজছাত্রীকে রড দিয়ে পেটানোর ঘটনায় ৫ বখাটে গ্রেফতার

সখীপুরে ২ কলেজছাত্রীকে রড দিয়ে পেটানোর ঘটনায় ৫ বখাটে গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক:  টাঙ্গাইলের সখীপুরে দুই কলেজছাত্রীকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা। বুধবার সন্ধ্যায় পৌর শহরের আবাসিক মহিলা কলেজ সড়কের রফিকরাজু ক্যাডেট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত ওই দুই ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও নিরাপত্তার অভাবে ওই রাতেই তাদের বাড়িতে নিয়ে গেছে স্বজনরা। আহতরা হলেন, সখীপুর আবাসিক মহিলা কলেজের হিসাববিজ্ঞানের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের তাসলিমা সুলতানা স্বর্ণা এবং বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের সুষ্মিতা। স্বর্ণা ভালুকা উপজেলার পাচগাঁও গ্রামের আবদুল হালিমের মেয়ে এবং সুষ্মিতার বাড়ি একই উপজেলার ডাকাতিয়া গ্রামে।

২ কলেজ ছাত্রীকে পটানোর ঘটনায় ওই কলেজের অধ্যক্ষ রেনুবর রহমানের করা মামলায় বুধবার রাতেই পাঁচ বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সখীপুর আবাসিক মহিলা কলেজের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ছাত্রী নিবাস থেকে অটোভ্যানযোগে সখীপুরে বাজারে আসার পথে রফিকরাজু ক্যাডেট স্কুলের সামনে পৌঁছালে মুখোশপড়া তিন বখাটে তাদের গতিরোধ করে। পরে ভ্যান থেকে তাদের জোরপূর্বক নামিয়ে রড দিয়ে পেটাতে থাকে। একপর্যায়ে ওই দুই ছাত্রী মাটিতে লুটিয়ে পড়লেও বখাটেরা তাদের পেটাতে ও লাথি মারে। তাদের চিৎকারে স্থানীয় ফাহাদ ট্রেডার্সের মালিক আলী হোসেন তালুকদার এগিয়ে গেলে বখাটেরা তাকেও মারপিট করে। এক পর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়।

আহত আলী হোসেন জানান, হঠাৎ দুই ছাত্রীকে পেটাতে দেখে আমি দৌড়ে এগিয়ে যাই। এ সময় বখাটেরা আমাকেও রড দিয়ে পেটায়।

ওই কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান বলেন, ‘এ বিষয়ে থানায় মামলা করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শামীমা আহমেদ রীনা বলেন, ‘গুরুতর আহত একজনের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ‘হামলার ঘটনায় জড়িত পাঁচ যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড়ের হজরত আলীর ছেলে ও লোকাল বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ার হোসেন অন্তর, ১নং ওয়ার্ড়ের লিয়াকত আলীর ছেলে সাকিব আল হাসান, ৪নং ওয়ার্ড়ের রফিকুল ইসলামের ছেলে সিয়াম হোসেন এবং ১নং ওয়ার্ড়ের সোহেলের ছেলে কাব্য, উপজেলার আড়াইপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান আগুন।

এ দিকে ২ কলেজছাত্রী বখাটেদের হামলায় শিকার হওরার ঘটনার খবর কলেজ ক্যাম্পাসে পৌছানোর পর শিক্ষার্থীদের মাঝে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে বলে জানা গেছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular