মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
Homeঅপরাধসখীপুর ককটেল হামলায় দু সহোদর আহত থানায় মামলা। গ্রেফতার ১

সখীপুর ককটেল হামলায় দু সহোদর আহত থানায় মামলা। গ্রেফতার ১

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে ককটেল হামলায় মাসুম পারভেজ (৫০) এবং মঞ্জুর মোর্শেদ (৪৩) নামে দুই সহোদরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় তৈলধারা বারো মন্ডুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই সহোদর ওই গ্রামের আবু সাইদ মেম্বারের ছেলে। এ ঘটনায় রাতেই হত্যা চেষ্টার অভিযোগ এনে আহতদের বাবা আবু সাইদ মেম্বার বাদী হয়ে হামলাকারী একই ইউনিয়নের গড়বাড়ী গ্রামের আবদুল কদ্দুছের ছেলে আসাদুল ইসালাম (৫০) তার ছোট ভাই মোশাররফ হোসেন (৩৮) এবং তৈলধারা বারোমন্ডুলিয়া গ্রামের আবুল কাশেমর ছেলে ইমরুল হাসান ইমনকে (২৫) আসামী করে মামলা করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী শাহ্ আলম বলেন, সন্ধ্যা রাতে উপজেলার তৈলধারা বাজার এলাকায় মাসুৃম পারভেজের ছেলে সনেটের সাথে আসাদুল ইসলাম ছোটভাই মোশারফ হোসেনের প্রাইভেটকার আর মোটরসাইকেলের সাইট দেয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আসাদুল ইসলাম ও তার ভাই মিলে প্রথমে সখীপুর পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের উত্তরামোড়ে মাসুম পারভেজের বাসায় হামলা করে। খবর পেয়ে রাত সাড়ে ১১ টার দিকে মাসুম পারভেজ ও তার ছোট ভাই মঞ্জুরুল মোর্শেদ মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি থেকে সখীপুর আসার পথে তৈলধারা বারো মন্ডুলীয়া এলাকায় পৌছলে আসাদুল ও তার ভাই তাদের ওপর পরপর তিনটি ককটেল নিক্ষেপ করে। গুরুতর আহত মাসুম পারভেজ ও তার ছোট ভাই মনজুর মোর্শেদকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়া রাতেই ঢাকা ল্যাব এইড হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

সখীপুর থানার (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। আসামীদের মধ্যে রাতেই ইমরুল হাসান ইমনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular