নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর-গোড়াই সড়কের নলুয়া বাজারসংলগ্ন বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বেশ কিছু বড় গর্ত। বৃষ্টির পানি জমে গর্তগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে এ সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহনের চালকদের।
স্থানীয়রা জানান, সখীপুর-গোড়াই সড়কের নলুয়া বাজার অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে প্রতিদিন নলুয়া থেকে টাঙ্গাইল এবং নলুয়া থেকে গোড়াইসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত করেন। ফলে সড়কের গর্তের কারণে পথচারী ও যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় গর্তে পানি জমে থাকায় গর্তের গভীরতা বোঝা যায় না। এতে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
নলুয়া একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকা। এখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি সপ্তাহের নির্দিষ্ট দিনে নলুয়া বাজারে ধানের হাট বসে। এ কারণে বিভিন্ন এলাকা থেকে কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ নলুয়া বাজারে আসা-যাওয়া করেন। সড়কের বেহাল অবস্থার কারণে তাঁদের ভোগান্তি আরও বেড়েছে।
স্থানীয়দের অভিযোগ, এর আগে সড়কের বিভিন্ন গর্ত সংস্কার করা হলেও কয়েক দিনের মধ্যেই তা আবার নষ্ট হয়ে যায়। এতে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। তাই এবার দায়সারা সংস্কারের পরিবর্তে টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।
সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সখীপুর-গোড়াই সড়কের নলুয়া বাজারসংলগ্ন গর্তগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এ সড়কটির সার্বিক অবস্থা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তাঁরা।
