সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeঅপরাধসম্পত্তির দ্বন্দ্বে মাকে গুলি করে হত্যা; হত্যার একদিন পর ছেলে গ্রেফতার

সম্পত্তির দ্বন্দ্বে মাকে গুলি করে হত্যা; হত্যার একদিন পর ছেলে গ্রেফতার

 

চট্টগ্রামের পটিয়ায় মাকে গুলি করে হত্যার ঘটনায় ছেলে মাইনুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব । এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়। আজ বৃহষ্পতিবার (১৮ই আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এম এ ইউসুফ। এর আগে মঙ্গলবার (১৬ই আগস্ট) রাতে মাইনুলের বোন শায়লা শারমিন নিপা বাদী হয়ে পটিয়া থানায় হত্যার ঘটনায় মামলা দায়ের করেছিলেন।

লেফট্যানেন্ট কর্ণেল এম এ ইউসুফ আরও জানান, মাকে গুলি করে হত্যার পর সাতকানিয়ায় এক পরিচিত লোকের কাছে আত্মগোপন করে মাইনুল। সেখানেই একটি গুদামে হত্যাকান্ডে ব্যবহৃত পিস্তলটি লুকিয়ে রাখেন। গতকাল বুধবার সকালে সেখান থেকে বের হয়ে বাসে করে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।

পথে বিকেল সাড়ে পাঁচটার দিকে কর্ণফুলি সেতু এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে র‌্যাব-৭। হত্যাকান্ডে ব্যবহৃত পিস্তলটি মাইনুলের বাবা জাতীয় পার্টি নেতা শামসুল আলম মাস্টারের লাইসেন্স করা পিস্তল বলে জানিয়েছে র‌্যাব ।

মঙ্গলবার সকালে মেয়ে নিপাকে নিয়ে ব্যাংকে যান জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আক্তার। মাইনুলকে না জানিয়ে বোনকে নিয়ে ব্যাংকে যাওয়ার কথা জানতে পেরে সেদিন দুপুরের দিকে মায়ের সঙ্গে তর্ক শুরু করেন মাইনুল।

এরই একপর্যায়ে মাকে গুলি করেন তিনি। গুরুতর আহত অবস্থায় মা জেসমিন আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লে­খ্য গত ১৩ই জুলাই বার্ধক্যজনিত কারণে মারা যান জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও পটিয়া পৌরসভার সাবেক প্রথম মেয়র বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মাস্টার। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বাবার মৃত্যুর পর থেকেই মাইনুলের অভিযোগ ছিল তার মা তাকে ও তার ভাইকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে বোনকে সব সম্পত্তি দিয়ে দেয়ার চেষ্টা করছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular