রবিবার, আগস্ট ৯, ২০২৬
Homeখেলাধুলাসাকিব-মাশরাফিদের ছাড়াই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়

সাকিব-মাশরাফিদের ছাড়াই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়

টেস্ট সিরিজে ভরাডুবির পর স্বাগতিক উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজে লড়বে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে জ্যামাইকাতে সাকিব-মাশরাফিদের ছাড়া প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। আগে ব্যাট করে গেইল-রাসেলদের নিয়ে গড়া ইউডব্লিউআই ভাইস চ্যান্সেলর’স একাদশ ৯ উইকেটে করে ২২৭ রান। জবাবে শুরুটা খারাপ হলেও কাটিয়ে উঠে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

জয়ের জন্য ২২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুর ওভারের তৃতীয় বলেই এনামুল হক বিজয়ের উইকেট হারায় বাংলাদেশ। কোন রান না করে থামেন বিজয়। শুরুর ধাক্কা সামলে দলকে ৯০ রান অব্দি টেনে নিয়ে যান লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। তবে ব্যক্তিগত ৪১ রানের মাথায় ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন লিটন দাস। ৪৩ রান করে আউট হন শান্ত।

এরপর মাহমুদউল্লাহ ১০ ও সাব্বির রহমান ৪ রান করে সাজঘরের পথ ধরেন। মুশফিকুর রহিমের সঙ্গে ৩০ রানের জুটি গড়ে ব্যক্তিগত ১১ রানের মাথায় আউট হন সৈকত।

সৈকতের বিদায়ের পর ব্যাট হাতে আবার মাঠে নামেন লিটন দাস। ইনজুরি কাটিয়ে ফিরে ফিফটি তুলে নেন লিটন। ৬১ বলে ৫০ পূর্ণ করেন তিনি। লিটনের পর ফিফটি আসে মুশফিকুর রহিমের ব্যাটেও। ৫০ বলে ৫০ পূর্ণ হয় তার।

৪১ তম ওভারে দলীয় ২১৩ রানের মাথায় ব্যক্তিগত ৭০ রান করে আউট হন লিটন দাস। জয়ের জন্য তখনো বাংলাদেশের দরকার ছিল ১৫ রান। বাকি কাজটুকু মেহেদী হাসান মিরাজকে সাথে নিয়ে নির্বিঘ্নে সারেন মুশফিকুর রহিম। চার মেরে দলের জয় নিশ্চিত করেন মুশফিক।

এর আগে কিংস্টনের স্যাবাইনা পার্কে ইউডব্লিউআই ভাইস চ্যান্সেলর’স একাদশের বিপক্ষে টসে হারেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন চ্যাডউইক ওয়ালটন।

শুরুটা মোটেও ভাল হয়নি চ্যাডউইক ওয়ালটনের। কোন রান না করেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওয়ালটন। তাকে ফেরান রুবেল হোসেন। এরপর জাঙ্গোকে নিয়ে পঞ্চাশ রানের জুটি গড়েন ক্রিস গেইল। ব্যক্তিগত ২৯ রানের মাথায় মোসাদ্দেক হোসেন সৈকতের অফস্পিনে বোল্ড হন গেইল।

নতুন উইকেটে আসা নিকোলাস কার্টনকেও ব্যক্তিগত ৫ রানের মাথায় ফেরান মোসাদ্দেক হোসেন। গলার কাটা হয়ে বিঁধে থাকা জাঙ্গোকে ব্যক্তিগত ৩৬ রানের মাথায় এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন সৈকত।

নতুন উইকেটে আসা রভম্যান পাওয়েলও ফেরেন দ্রুত। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সৈকতকে উপহার দেন চতুর্থ উইকেট। বিপজ্জনক আন্দ্রে রাসেলকে সাজঘরে ফেরানোর কাজটি করেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের বলে ১১ রান করা আন্দ্রে রাসেলের ক্যাচ ধরেন এনামুল হক বিজয়।

এরপর ওটলের ৫৮ ও হজের ৪৪ রানের কল্যাণে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তোলে গেইলরা। মোসাদ্দেক হোসেন ৪ ও রুবেল হোসেন ৩ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:
ইউডব্লিউআই ভাইস চ্যান্সেলর্স একাদশ: ২২৭/৯ (৫০), ওটলে ৫৮, হজ ৪৪, জাঙ্গো ৩৬, গেইল ২৯; মোসাদ্দেক ১৪/৪, রুবেল ৪০/৩
বাংলাদেশ ২৩০/৬ (৪৩.৩) , মুশফিক ৭৫*, লিটন ৭০, শান্ত ৪৩, সৈকত ১১, মাহমুদউল্লাহ ১০, মিরাজ ৪*, সাব্বির ৪, বিজয় ০।
ফলাফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular