দেশে করোনাভাইরাসে প্রাণহানির এবং আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। প্রাণঘাতী ভাইরাসটি গোটা দুনিয়ার আকাশকে অদ্ভুত আঁধারে ঢেকে ফেলেছে। দম বন্ধ হওয়ার আগেই মানবকুলকে সেই অন্ধকারে ডুবিয়ে মারছে। হাশরের ময়দানের এই ভয়াবহতায় দিন দিন মা-সন্তান, ভাই-বোন, স্বামী-স্ত্রীর সম্পর্কও যেন গৌণ হয়ে যাচ্ছে।
সম্প্রতি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক স্বাক্ষরিত চিঠিতে সারা দেশ ঝুঁকিপূর্ণ ঘোষণা করে আরোপিত বিধি-নিষেধগুলোও প্রশ্নের জন্ম দিয়েছে। এই মহোদয়ই কদিন আগে বলেছিলেন, বৈজ্ঞানিক তথ্য ও তার ওপর ভিত্তি করে বিশ্লেষণে দেখেছেন, দেশে এখানে করোনার ঝুঁকি নেই। আকাশ-পাতাল তফাৎ তার অবস্থানে। এই দায়িত্ববানরা মনে করতেনÑ গরমের কারণে এখানে করোনার বিস্তার ঘটবে না। কোনো প্রস্তুতি না নিয়ে তাই হাত গুটিয়ে বসে থেকেছেন। এখন ছোটাছুটি করছেন। এজেন্সি দিয়ে, ব্যুরোক্রেসি দিয়ে কথামালার বাহাদুরিতে রাজনৈতিক বিবেচনায় অযোগ্যকে উচ্চ আসনে বসানো যায় কিন্তু এই বৈশি^ক সঙ্কট মোকাবিলা একেবারে ভিন্ন বিষয়। কেউই করোনার চেয়ে শক্তিশালী নন। মানুষের জীবনের বিনিময়ে সেটা প্রমাণের একটুও বাকি নেই। বলার অপেক্ষা রাখে না সরকারি হিসাবের বাইরে দেশে করোনার উপসর্গ জ্বর-সর্দি, কাশি-শ্বাসকষ্টে মৃত্যুর সংখ্যাও ভয়াবহ রূপ নিচ্ছে। এসব মৃত্যু বরাবর করোনায় মৃত্যুর তালিকার বাইরেই থেকে যাচ্ছে। আবার সারা দেশে মৃত মানুষের কবর দেওয়ার বাধাও মর্মপীড়াদায়ক। যেভাবেই হোক, যে কারণেই হোক, কেউ আক্রান্ত হয়ে গেলে সর্বোচ্চ মমত্ব তার পাওনা।
বাঙালিয়ানার বিপরীত ঘটনার উদাহরণও রয়েছে। করোনা আক্রান্ত মৃত বাবাকে হাসপাতালের বেডে রেখে সন্তানরা পালিয়ে যাচ্ছে। আবার জ্বর, গলাব্যথা, সর্দি, কাশিতে আক্রান্ত করোনা সন্দেহে টাঙ্গাইলের সখীপুরে শাল-গজারির বনে ছেলেমেয়ে, জামাতাদের ফেলে যাওয়া মা বেঁচে আছেন। পরীক্ষায় তার করোনা ধরা পড়েনি। ফেলে যাওয়ার পর রাতে বনের ভেতর থেকে এক নারীর কান্নার শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এখন সবাই যেন সবার শত্রু। নিজের হাতও নিজের শত্রু। করোনা আক্রান্ত বাবার লাশ এড়িয়ে চলার উল্টোদিকে আরেক বাবার করোনায় মৃত সন্তানকে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরে রাখার ছবিও এসেছে গণমাধ্যমে। এই সাহসী আবেগকে ঠুলি না পরিয়ে বাঁচিয়ে রাখাও দায়িত্বের বাইরে নয়। মোট কথা করোনা নিয়ে চলমান ট্যাবু ভাঙা দরকার। করোনা আক্রান্তদের সামাজিকভাবে হেয় করা কাম্য নয়। আবার করোনার উপসর্গ দেখা দিলে সেটা লুকানোও সঙ্গত নয়।
প্রথমদিকে দেশে করোনাকে গুজব বলে উড়িয়ে দেওয়া। এরপর স্বীকার করলেও প্রবাসীদের যথাযথ পরীক্ষা না করা, পোশাক শ্রমিকদের একবার অরক্ষিত অবস্থায় ঢাকার বাইরে পাঠানো, আবার ঢাকায় নিয়ে আসা এবং সম্প্রতি বি-বাড়িয়ায় হুজুরের জানাজা পড়ে যাওয়া লাখো জনতা পুরো দেশকে বিপজ্জনক অবস্থায় ফেলে দিল। এর দায় কে নেবে?
এর মধ্যে আবার চিকিৎসকদের প্রতিপক্ষ করাও বাদ যায়নি। এর মাঝেই মর্মান্তিক মৃত্যু হয় সিলেটে গরিবের ডাক্তারখ্যাত ডা. মঈন উদ্দিনের। একজন মঈনের চলে যাওয়া আর ডা. মঈনের চলে যাওয়া এক কথা নয়। এতে অনেক বার্তা মেলে। আরেকজন মঈনের চলে যাওয়ার আগে অবনত মস্তকে ভুল তথা বাস্তবতা স্বীকার করে প্রস্তুতি নিন। আড়াল করার মানসিকতা বাদ দিন। বিশ্বের উন্নত দেশও যেখান অসহায় এতে লুকোচুরির কী দরকার? প্রতিদিন স্বাস্থ্য অধিদফতরের আপডেট ঘোষণার পরও মন্ত্রীর অতি কথনে মানুষ বিরক্ত হচ্ছে এবং পরিস্থিতিকে আরও জটিল করছে।
করোনা যুদ্ধের ফ্রন্টলাইনের বীর সেনানিদের যাবতীয় নিরাপত্তা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। ডা. মঈনের মুত্যু দেখিয়ে দিয়ে গেছে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার হাল। সবকিছুতে সরকারের লুকোচুরি, ব্যাপক প্রস্তুতির বাহাদুরি, সবকিছুতে ঠিক আছে-ঠিক আছে জাহিরের ফাঁকা কলস মানুষের বুঝতে এমনিতেও বাকি ছিল না। করোনা আক্রান্ত ডা. মঈনের চিকিৎসা হয়নি। রাষ্ট্র তাকে যথাযথ গুরুত্ব দেয়নি। তিনি কীভাবে সংক্রমিত হলেন বিষয়টি ভেবে দেখা দরকার। বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের দাবি দেশে এখন পর্যন্ত অন্তত ১০০ জনের বেশি চিকিৎসক করোনায় আক্রান্ত। এ ছাড়া, চিকিৎসা সেবায় সম্পৃক্ত প্রায় আরও একশ মানুষ এতে সংক্রমিত। অর্থ্যাৎ ২০০ জনের মতো স্বাস্থ্যসেবা কর্মী করোনাভাইরাসে আক্রান্ত। বাস্তব সংখ্যাটা নিশ্চয়ই কম না হয়ে আরও বেশি হওয়া স্বাভাবিক। তা আমাদের চিকিৎসা ফ্রন্টের শক্তির অবস্থা জানিয়ে দিচ্ছে।
করোনা আক্রান্তে মৃত্যুর সঙ্গে ত্রাণ বিতরণ, চুরি ও উদ্ধারের খবরও বেড়েছে। দলীয় কর্মী আর দলানুগত প্রশাসন দুয়ের মিলিত ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণের ফলাফল যা হওয়ার তা-ই হচ্ছে। চাল নিয়ে চালবাজি চলছিল গত মাস কয়েক থেকেই। সেটার সঙ্গে যোগ হয়েছে রিলিফের চাল চুরি আর উদ্ধারের উৎসব। প্রধানমন্ত্রীর একাধিক হুঁশিয়ারি এবং কয়েকজনকে গ্রেফতার, চেয়ারম্যান/মেম্বারের পদ থেকে অব্যাহতি এবং দলীয় পদ থেকে বিদায় করার পরও এরা দমছে না। ‘আওয়ামী লীগের লোকেরা চাল চুরি করে না, এটা অন্য দলের লোকেরা করেছে’ এক মন্ত্রীর বক্তব্যে তাদের করোনার চেয়েও শক্তিমত্তায় চুরি-চামারি অব্যাহত রাখতে শক্তি জোগাচ্ছে। দিনকে দিন অবস্থা যেদিকে যাচ্ছে তাতে ত্রাণ বিতরণ ব্যবস্থায় আর স্বচ্ছতা আনা যাবে কি না, বলা যাচ্ছে না। সারা দেশে অনেক ইউপি চেয়ারম্যান সদস্য চাল চুরি করে ধরা পড়েছে। তবে সংবাদমাধ্যম বলছে চুরির সামান্য অংশই ধরা পড়েছে। আবার ত্রাণ চুরির সঙ্গে পথে ত্রাণের মালে গরিব মানুষের হানা দেওয়ার ঘটনাও ঘটছে। এটা চরম অশনিসঙ্কেত। এই চুরি শুধু চেয়ারম্যান-মেম্বাররা করছে বললে একতরফা হয়ে যায়। স্থানীয় প্রশাসন না চাইলে শুধু চেয়ারম্যান-মেম্বারদের একার পক্ষে এ চুরি সম্ভব নয়। এদিকে, বিভিন্ন জায়গায় পোশাক শ্রমিকরা রাস্তায় নামছে। বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। বকেয়া বেতনের পাশাপাশি খাদ্য চায় তারা। এটিও আরেক অশনিসঙ্কেত।
এ অবস্থার মাঝেও ভোগ-উপভোগে ছাড় না দেওয়া আদম সন্তানের দেখা মিলছে সমাজে। পাষণ্ডতা যেন আরও বেড়েছে। কত পাষণ্ড হলে প্রতিপক্ষের পা কেটে তা হাতে নিয়ে উল্লাস মিছিল করে? লাইভে এসে স্ত্রীকে হত্যা করে? নির্দয়-অমানবিক ঘটনার অসংখ্য উদাহরণ চারদিকে। লকডাউনের মধ্যে রেলওয়ে পূর্বাঞ্চলের এক ঊর্ধ্বতন কর্মকর্তার জন্য ‘পহেলা বৈশাখের ইলিশ’ আনতে একটি স্পেশাল ট্রেন চট্টগ্রাম থেকে চাঁদপুর যাওয়ার খবর আমরা দেখেছি। প্রায় ২৫ কেজি ইলিশ মাছ আনতে ট্রেনে রেলওয়ে পূর্বাঞ্চলের ২৫ কর্মকর্তা-কর্মচারীও ছিলেন। ১৯৭১ স্মরণ করলে দৃশ্যপটে ভাসে এক বাহিনী মারে, আরেক বাহিনী লুট করে। একদল দেশের তরে যুদ্ধ করে, অন্যদল রাজাকারি আর সন্ধি করে। ২০২০ সালের সঙ্গে কিছুটা মেলে। এক বাহিনী গরিব পোষে, আরেক বাহিনী গরিব চোষে। এক গ্রুপ ধার কর্জে অন্ন বিলায়, অন্য গ্রুপ ত্রাণ কেড়ে নেয়।
এমন এক অমানিশার মাঝেও করোনাভাইরাসের সংক্রমণ রোধে কার্যকর একটি ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টার খবর আমাদের সাহস জোগাচ্ছে। কানাডাসহ বিশে^র ৭০টি গবেষণা দল এ লক্ষ্যে দিনে-রাতে কাজ করে যাচ্ছে। গবেষণা থেকে ল্যাবরেটরি, ল্যাবরেটরি থেকে প্রাণীর দেহে, প্রাণীদেহ থেকে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ অগ্রগতি হিসেবে কম নয়। কানাডিয়ান বিশেষজ্ঞ ড. স্কট হালপেরিন সিবিসিকে জানিয়েছেন, ভিন্ন ভিন্নভাবে একই ধরনের কাজ করে এ রকম ভিন্ন ভার্সনের ভ্যাকসিন তৈরি করতে হবে। হতে পারে ৫, ৬, ৭, ৮, ১০টি ভ্যাকসিন তৈরি করা হবে। গবেষকরা বলছেন, যেকোনো ভ্যাকসিন ব্যবহারের জন্য উপযোগী ঘোষণার আগে ক্লিনিক্যাল টেস্টের দুটি ধাপ পার করতে হবে।
ক্লিনিক্যাল টেস্টের প্রথম ধাপে দেখা হচ্ছে ভ্যাকসিনটি মানব শরীরের জন্য নিরাপদ কি না। ৪০ থেকে ৫০ জন স্বেচ্ছাসেবীর শরীরে এই ভ্যাকসিন দিয়ে তার প্রতিক্রিয়া দেখা হয়। প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হলে শুরু হয় দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল টেস্ট। এই দ্বিতীয় ধাপটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একসঙ্গে অনেক মানুষের শরীরে এই ভ্যাকসিনটার প্রতিক্রিয়া দেখা হয় এই ধাপে।
চীনের ক্যানসিনো বায়োলোজিস্ট নামে কোম্পানিটি তাদের ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু করতে যাচ্ছে। চীনের আরেকটি কোম্পানি প্রথম ধাপের টেস্ট শুরু করছে। আমেরিকার একটি কোম্পানি তাদের তৈরি ভ্যাকসিনের প্রথম ধাপের পরীক্ষা শুরু করেছে। এই পরীক্ষা-নিরীক্ষা কতদিন চলবে, তা জানা না গেলেও গবেষকরা একটা লক্ষ্যমাত্রা জানিয়েছেন। তারা বলছেন, শুরুতে ১২-১৮ মাসের যে সময়সীমার ধারণা দেওয়া হয়েছিলÑ তারচেয়ে কম সময় লাগবে। কম আনন্দের খবর নয় এটি। এর আগে, প্লেগ, কলেরা, বসন্ত মোকাবেলায়ও চিকিৎসাবিজ্ঞানই মানবজাতিকে দিশা জুগিয়েছে। এবারও সেটার অপেক্ষায়।
