সিরিজ জয়ের পর মুশফিকের ছেলেকে যে উপহার দিলো সতীর্থরা

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সৌম্য সরকার ও ইমরুল কায়েসের অসাধারণ সেঞ্চুরিতে ৭ উইকেটের বড় ব্যাবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এমন অসাধারণ সিরিজ জয়ের আনন্দ মুশফিকের ছেলে ‘মো: শাহরোজ রহিম মায়ান’কে উৎসর্গ করেছেন টাইগার সতীর্থরা।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এমনটাই জানালেন জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সঙ্গে সতীর্থদের স্বাক্ষর সম্বলিত স্মারক প্ল্যাকার্ড হাতে ছবিও পোস্ট করেছেন তিনি।

মুশফিকের ফেসবুক পোস্টে প্রকাশ করা ছবিতে দেখা যায়, তার ছেলে মায়ানের ছবি সম্বলিত একটি প্ল্যাকার্ড হাতে হাসিমুখে দাঁড়িয়ে মুশফিক। প্ল্যাকার্ডে মায়ানের ছবির পাশে টাইগার সতীর্থদের স্বাক্ষর আর নিচে লেখা- ‘মুশফিকুর রহিম, আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান। শাহরোজ রহিম মায়ানকে উৎসর্গ করছি আমাদের উদযাপন।’

ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্ এবং আমার সকল সতীর্থদের এমন অসাধারণ বহিঃপ্রকাশের জন্য ধন্যবাদ…অসাধারণ সিরিজ জয়…বিশেষ অভিনন্দন ইমরুল ও সৌম্য…ইনশাল্লাহ আমরা টেস্ট সিরিজও জিতব…জাজাকাল্লাহ খায়ের।’

প্রসঙ্গত, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাজধানীর স্কয়ার হাসপাতালে পৃথিবীর আলো দেখে ‘মুশফিক জুনিয়র’।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর