শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
Homeখেলাধুলাহাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় দুই দল: কে জিতবে টি২০ সিরিজ?

হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় দুই দল: কে জিতবে টি২০ সিরিজ?

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ ১-১ ব্যবধানে সিরিজ সমতায় থাকায় ম্যাচটি দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দলই নিজেদের সবকিছু দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবে। অপেক্ষার পালা কে জিতবে এই সিরিজ? সমীক্ষা বলছে টি২০ সিরিজও জিতবে বাংলাদেশ।

সিরিজ জয়ের লক্ষ্যে শনিবার তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠের লড়াইয়ে নামবে বাংলাদেশ এবং উইন্ডিজ। মিরপুরে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ দিয়েই শেষ হবে বাংলাদেশে উইন্ডিজদের সফর।

মিরপুরে টাইগার ব্যাটসম্যানরা দেখিয়েছেন তাঁদের আক্রমণাত্মক ব্যাটিং করার সক্ষমতা। জবাবে রভম্যান পাওয়েলের ৩৪ বলে ৫০, শাই হোপের ১৯ বলে ৩৬ এবং কিমো পলের ১৬ বলে ২৯ রানের ইনিংসে ১৭৫ রানে থামে টি-টুয়েন্টি ফরম্যাটের বর্তমান চ্যাম্পিয়নদের ইনিংস।

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে অবদান রাখার পর বল হাতেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন অধিনায়ক সাকিব। ২০ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছেন তিনি, যা সীমিত ওভারের এই ফরম্যাটে তাঁর ক্যারিয়ার সেরা বোলিং এবং প্রথম পাঁচ উইকেট।

মেহেদি হাসান মিরাজ, রিয়াদ এবং আবু হায়দার রনি নিয়েছেন একটি করে উইকেট। ৫২ রান খরচ করলেও দুই উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের পারফর্মেন্স চোখে পড়ার মতো ছিল। যেখানে প্রথম ম্যাচে ১২৯ রানের সল্প সংগ্রহেই থেমে গিয়েছিল টাইগারদের ইনিংস। যা উইন্ডিজ ব্যাটসম্যানরা তুলে নিয়েছে মাত্র ১০.৫ ওভারেই।

কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানরা বোলারদের কাজ অনেকটাই সহজ করে দিয়েছিল দুইশ’র অধিক রান করে। যা ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের বাধ্য করেছিল প্রথম বল থেকেই আক্রমণ করার পরিকল্পনা করতে, যদিও কাজে লাগাতে ব্যর্থ হয়েছিল তাঁরা।

সিরিজ নিজেদের করতে হলে উইন্ডিজ বোলারদের ছন্দে ফিরতে হবে। কারণ দ্বিতীয় ম্যাচে তাঁদের পাঁচ বোলাদের তিনজনই ওভার প্রতি ১০ এর উপর রান দিয়েছেন। শুধু মাত্র ফ্যাবিয়ান অ্যালেন তুলনামূলক মিতব্যয়ী বোলিং করেছেন (১/২৯)।

বাংলাদেশকে তাঁদের পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ব্যাটে-বলে দেখাতে হবে সমান পারদর্শিতা।

ঢাকায় দিনের তাপমাত্রা কিছুটা উষ্ণ থাকবে, যদিও রাতে ১৫ ডিগ্রিতে নেমে যাবে তাপমাত্রা। পিচ কন্ডিশনে তেমন কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। আরেকটি রান বন্যার ম্যাচ হতে যাচ্ছে মিরপুরে আশা করা যায়।

রাতে ফ্লাড লাইটের আলোয় বল সুইং করতে পারে, তাই টসে জিতে যে কোন দল আগে ব্যাট করতে চাইবে।

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), আবু হায়দার রনি, আরিফুল হক, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, সৌম্য সরকার, তামিম ইকবাল।

উইন্ডিজ স্কোয়াড: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, শেল্ডন কটরেল, শিমরন হেটমায়ার, শাই হোপ, এভিন লুইস, কিমো পল, খারি পিয়েরে, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, দীনেশ রামদিন, শিরফানে রাদারফোর্ড, ওশানে থমাস, কেসরিক উইলিয়ামস।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular