এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের বাসাইল-কাউলজানী সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না করায় চলতি বর্ষায় সড়কের বিটুমি পলেস্তরা ওঠে গিয়ে শতশত খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে করে ওই সড়কে চলাচলকারী বাসাইল ও পার্শ্ববতী কালিহাতী এবং সখীপুর উপজেলার জনসাধারণ ও যানবাহনের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রকৌশল বিভাগের কোন উদ্যোগ না থাকায় জনসাধারণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জরুরী ভিত্তিতে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানান ভূক্তভোগীরা।
সরেজিমন ওই সড়কে গিয়ে দেখা গেছে, বাসাইল-কাউলজানী ৬ কিলোমিটার এ সড়কটি বাসাইল উপজেলা সদরের সঙ্গে কালিহাতী ও সখীপুর উপজেলার মিলনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনবহুল একটি সড়ক। এছাড়াও উপজেলার কাউলজানী, ফুলকী, কলিয়া,সুন্যা, গিলাবাড়ি, ডুমনিবাড়ি, বার্থা, কল্যাণপুর, মলিয়ানপুর বাদিয়াজনসহ প্রায় ২০/২৫টি গ্রামের মানুষ এ সড়কেই চলাচল করে থাকেন। এছাড়াও প্রতিদিন, ভ্যান, অটোভ্যান, রিক্স্রা, অটো টেম্পু, সিএনজিসহ শতশত ছোট-বড় যানবাহন চলাচল করে থাকে। চলতি বর্ষায় ওই সড়কের অনেকগুলো গর্তে পানি জমে ছোট ছোট খাদের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই যাত্রীসহ যানবাহনগুলো জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।
ওই সড়কে চলাচলকারী সিএনজি’র চালক হামিদুল বলেন, প্রায়ই সড়কের গর্তে আটকে গিয়ে যানবাহনের যন্ত্রাংশ বিকল হয়ে পড়ে। বৃষ্টিতে পানি জমে থাকা গর্তগুলোতে প্রতিদিনই কোন কোন দুর্ঘটনা ঘটছে।
জানতে চাইলে বাসাইল উপজেলা প্রকৌশলী আবদুস সাত্তার বলেন, সড়কটি সংস্কারের দাবি জানিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুতই সংস্কার কাজ শুরু হবে বলেও তিনি আশ্বাস দেন।
