টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে শাহীন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে।

শুক্রবার রাতে উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাহীন ওই গ্রামের মৃত সৈয়দ আলী মোল্লার ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, শাহীন মোল্লা কয়েক বছর আগে বিদেশ থেকে ফিরে মাঝালিয়া বাজারে সবজির ব্যবসা শুরু করেন। বৃহস্পতিবার বিকেলে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশু শাহীনের বাড়িতে ফ্রিজে রাখা দুধ আনতে যায়। পরে স্থানীয় কয়েকজন যুবক এলাকায় গুজব ছড়ায় শাহীন ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে।

এ ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই গ্রামের সুমন, ইজাজ, অয়নসহ কয়েকজন শাহীনকে বাড়ি থেকে ডেকে নেয় বলে জানান শাহীনের স্ত্রী রেহেনা বেগম। পরে মাঝালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে শাহীনকে বেদম মারপিট করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়।

স্থানীয় লোকজন রাতেই শাহীনকে জামুর্কী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতলে রেফার্ড করেন। কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে শাহীনের মৃত্যু হয়।

মির্জাপুর থানা পুলিশ শাহীনের সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাছিম জানান, শুক্রবার রাতে বিচারের নামে তাকে বাড়ি থেকে কে বা কারা ডেকে নিয়ে পিটিয়ে আহত করে স্কুলমাঠে ফেলে রাখে। পরে হাসপাতালে তার মুত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর