নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে আদালতের নির্দেশে শিক্ষকের নির্যাতনে মাদ্রাসা ছাত্র নাঈমের (১৪) মৃত্যুর ৫ মাস ৬ দিন পর বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) কবর থেকে তার লাশ উত্তোলন করে টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, মধুপুর পৌর এলাকার নয়াপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে নাঈম (১৪) মধুপুর উপজেলার রানিয়াদ হাসান আলী এতিমখানায় হফজ বিভাগে লেখাপড়া করত। গত বছর (১৮ আগস্ট) নাঈম পানিতে পড়ে মারা গেছে বলে প্রচার করে লাশ তাদের বাড়ীতে পাঠিয়ে দেয়। যথারীতি লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নাঈমের মৃত্যুর রহস্য নিয়ে তার পিতার সন্দেহ হলে গত বছরের (২৩ ডিসেম্বর) টাঙ্গাইল আদালতে বাদী হয়ে লিটন মিয়া তার ছেলেকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে মর্মে ঐ মাদ্রাসার শিক্ষক চাঁন মিয়া ও পরিচালক আব্দুল আলিমকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
পরে আদালত লাশ উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দেয়। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) নাঈমের মৃত্যুর ৫ মাস ৬ দিন পর মধুপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক লাশ উত্তোলন করে মর্গে প্রেরণ করেন।
