বুধবার, জুলাই ১৫, ২০২৬
Homeদেশের খবরক্লাস বন্ধ রেখে এমপির সংবর্ধনায় ৩ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

ক্লাস বন্ধ রেখে এমপির সংবর্ধনায় ৩ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রেখে রাস্তায় দাঁড় করিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৬ মার্চ) সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজের সংবর্ধনায় শুভেচ্ছা জানাতে শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে রাখা হয়। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতারাও উপস্থিত ছিলেন।

জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম ডিগ্রি কলেজের উদ্যোগে ওই প্রতিষ্ঠানের মাঠে এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় ক্লাস বন্ধ রেখে সংবর্ধনা অনুষ্ঠানে হাজির করা হয় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। প্রতিষ্ঠান তিনটি হলো রায়গঞ্জের চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়, চান্দাইকোনা দাখিল মাদ্রাসা এবং করতোয়া মাধ্যমিক বিদ্যালয়। ওই অনুষ্ঠানে শিক্ষার্থীরা ছাড়াও ওইসব প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। ক্লাস বন্ধ রেখে রোদের মধ্যে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখার ঘটনায় অভিভাবক মহলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত থাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আল-মাজি জিন্নাহ বলেন, যখন এমপি সাহেব আসেন তখন বেশ কিছু শিক্ষার্থী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শিক্ষার্থীরা ঠিক কোন প্রতিষ্ঠানের সেটি খেয়াল করিনি।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান বলেন, এমপি সাহেব আসাতে অনেকেই নিজের ইচ্ছায় হয়ে সেখানে গেছেন। চান্দাইকোনা মাদ্রাসাটি নন-এমপিও ভুক্ত,তাই শিক্ষকরা নিজেদের স্বার্থে সেখানে গেছেন। তবে করোতোয়া ও চান্দাইকোনা বহুমুখী বিদ্যালয়ের শিক্ষার্থীরা গেলেও প্রতিষ্ঠান বন্ধ ছিল কি না  সেটা আমার জানা নেই।

এ বিষয়ে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুকিতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম দাবি করেন, শিক্ষার্থীরা এমপির সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হলেও প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়নি।

চান্দাইকোনা করতোয়া স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, যেহেতু প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়নি তাই আমরা এমপিওভুক্তির দাবিতে ৩শ’ শিক্ষার্থী নিয়ে সেখানে হাজির হয়েছিলাম।

চান্দাইকোনা দাখিল মাদ্রাসার সুপার মো. শাহিনুর আলম বলেন, ১১টার পর কলেজের শিক্ষার্থীরা সাধারনত থাকে না। তাই ওই কলেজের অধ্যক্ষের নিমন্ত্রণে ও অনুরোধে পাঠদান বন্ধ রেখেই শিক্ষার্থীদের নিয়ে আমরা সেখানে যাই।

চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিকী বলেন, এমপি সাহেব আসবেন, তাই বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিমন্ত্রণ করা হয়েছে। কিন্তু আমরা তো তাদের প্রতিষ্ঠান বন্ধ করে অনুষ্ঠানে আসতে বলিনি।

সিরাজগঞ্জ-৩ আসনের এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজ বলেন, রায়গঞ্জের চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি হিসাবে একটি সভায় আমি সেখানে যাই। তবে শিক্ষা প্রতিষ্টান বন্ধ রেখে অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়টি আমি অবগত নই। যদি কেউ এ ধরনের করে থাকে তাহলে তা অবশ্যই অনৈতিক। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শাহাদত হোসেন বলেন, যে প্রতিষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় সেই প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকতে পারে। তবে পাশের প্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ রেখে কাউকেই সংবর্ধনা দেওয়া যাবেনা। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। আমার কাছে এ বিষয়ে কেউ অনুমতিও চায়নি।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ বলেন, বিষয়টি সম্পর্কে অবগত নই। আর তাছাড়া প্রতিষ্ঠান বন্ধ করে কোনও অনুষ্ঠানে শিক্ষক বা শিক্ষার্থীদের হাজির হবার বিষয়টিও অনৈতিক। বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular