বুধবার, মে ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাদেলদুয়ারদেলদুয়ারে যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করে আবার তা স্থগিত; হতাশ নেতাকর্মীরা

দেলদুয়ারে যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করে আবার তা স্থগিত; হতাশ নেতাকর্মীরা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করে আবার তা স্থগিত করা হয়েছে। এতে উপজেলায় নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, দেলদুয়ার উপজেলা গঠনের পর থেকে আজ পর্যন্ত আহবায়ক কমিটি দিয়ে চলছে দেলদুয়ার উপজেলা যুবলীগ। ২০১৩ সালে ৩য় বারের মতো এস.এম. এহসানুল হক সুমনকে আহবায়ক করে ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয় জেলা যুবলীগ। সে সময় তাদের তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়। কিন্তু ৬ বছর পার হলেও সম্মেলন করতে পারেনি আহবায়ক কমিটি। দীর্ঘ ছয় বছর পর ১৪ অক্টোবর সোমবার সম্মেলন হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করে কেন্দ্রীয় যুবলীগ।

নাম প্রকাশ না করার শর্তে দেলদুয়ার উপজেলা যুবলীগের কয়েকজন নেতা-কর্মী বলেন, এমনিতেই এখন পর্যন্ত নির্বাচিত পুর্নাঙ্গ কমিটি দ্বারা পরিচালিত হয়নি দেলদুয়ার উপজেলা যুবলীগ। শুধু আহবায়ক কমিটি দিয়েই চলছে কয়েক যুগ। এতে করে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা ঝিমিয়ে পড়েছিলেন। এবার সম্মেলনের তারিখ ঘোষণায় সবাই চাঙা হয়ে ওঠেন। কিন্তু হঠাৎ সম্মেলন স্থগিত হওয়ায় সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

এব্যাপারে দেলদুয়ার উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল নান্নু বলেন, দীর্ঘ দিন পর যুবলীগের সম্মলেনকে ঘিরে নেতা কর্মীদের মাঝে অনেক উৎসাহ উদ্দিপনা সৃষ্টি হয়ে ছিল। কিন্তু হঠাৎ করেই সম্মেলনের দুই দিন আগে সম্মেলন স্থগিতের সিদ্ধান্তে সকল নেতা কর্মীরা খুবই হতাশ হয়ে পরেছে। এর ফলে দেলদুয়ার উপজেলা যুবলীগ দূর্বল হয়ে পড়ার সম্ভবনা রয়েছে।

দেলদুয়ার উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশেই এ সম্মেলন স্থগিত করা হয়েছে। যুবলীগের কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি আমাকে জানান সামনেই কেন্দ্রীয় যুবলীগের সম্মেলন। এ সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত দেশের কোথাও সম্মেলন হবে না। তাছাড়া কেন্দ্রীয় যুবলীগের চেয়াম্যান ও সাধারণ সম্পাদকের গ্রীন সিগনাল না পাওয়ায় এ সম্মেলন স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় সম্মেলন শেষ হলেই আমরা দেলদুয়ার উপজেলা যুবলীগের সম্মেলন করবো বলে আশা রাখি।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক জানান, দেলদুয়ার যুবলীগের সম্মেলনের সকল প্রস্তুতি শেষ করার পরও হঠাৎ কী কারণে স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু সম্মেলন স্থগিত করলেন তা আমার জানা নেই। তবে খুব দ্রুতই সম্মেলন করে নতুন কমিটি উপহার দেয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular