বুধবার, মে ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে সাবেক সাংসদ উপজেলা চেয়ারম্যানসহ চারজনকে খাশ জমির ওপর স্থাপনা উচ্ছেদে নোটিশ

সখীপুরে সাবেক সাংসদ উপজেলা চেয়ারম্যানসহ চারজনকে খাশ জমির ওপর স্থাপনা উচ্ছেদে নোটিশ

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয়, সাবেক সাংসদের চাচা বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা চেয়ারম্যানের দুই আপন বোন জামাই আবদুস সাত্তার ও আবদুল আজিজকে খাশ জমির ওপর নির্মিত স্থাপনা উচ্ছেদে নোটিশ দেওয়া হয়েছে।

গত ৯ অক্টোবর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. মোস্তারী কাদেরীর সই করা নোটিশ রোববার (১৩ অক্টোবর) উপজেলা ভূমি কার্যালয়ে এসে পৌঁছে। ভূমি অফিস মঙ্গলবার (১৫ অক্টোবর) পর্যন্ত সব নোটিশ স্থাপনা মালিকদের হাতে পৌঁছে দিয়েছেন বলে জানা গেছে। নোটিশ পাওয়া ওই চার ব্যক্তি সখীপুর মোখতার ফোয়ারা চত্বরের উত্তর পাশে ১ নম্বর খাস খতিয়ানের ৬৯ নম্বর দাগে ২ দশমিক ২৫ শতাংশ সরকারি খাস জমি দখল করে সেখানে দু’তলা ভবন নির্মাণ করে ব্যাংকসহ বেশকিছু দোকান ভাড়া দিয়েছেন বলে স্থানীয় ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে।ওই নোটিশ পাওয়ার সাতদিনের মধ্যে উক্ত খাসজমি থেকে অবৈধ স্থাপনা ও ইমারত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে ওই নোটিশ সূত্রে জানা গেছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু ওই নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, প্রায় ৪০ বছর আগে সেটেলম্যান্ট রেকর্ডভূক্ত ওই জমি রেজিস্ট্রিমূলে কিনে ওখানে স্থাপনা করা হয়েছে। এরমধ্যে স্থানীয় ভূমি কার্যালয় একটি নোটিশও দেয়নি।

রাজনৈতিকভাবে আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্র করে ভূমি প্রশাসনকে ভুল বুঝিয়ে ওই নোটিশ করা হয়েছে। আলোচনায় মীমাংসা না হলে আমরা আইনিই ভাবেই এর মোকাবেলা করব।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কার্যালয় থেকে আসা ওই নোটিশ ওই চারজনের কাছে পৌঁছে দেওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular