নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে নতুন করে ব্যাংক কর্মকর্তা সহ আরও চারজন করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। এ নিয়ে ঘাটাইলে মোট ৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। বিষয়টি আজ বুধবার (১৫ জুলাই) সকালে নিশ্চিত করেছেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান খান।
তিনি বলেন, ঘাটাইলে নতুন করে চারজন করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। তাদের মধ্যে রূপালী ব্যাংক ঘাটাইল পৌর শাখায় কর্মরত একজন নারী রয়েছেন। দ্বিতীয় আরেকজন করোনা পজিটিভ হওয়া নারী ঘাটাইল পৌরসভার চান্দশি এলাকার বাসিন্দা। তৃতীয় আরেকজন উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কালিয়া গ্রাম এলাকার অধিবাসী। করোনা পজিটিভ হওয়া আরেকজন ঘাটাইল পৌরসভার বানিয়াপাড়া (উত্তর) এলাকার অধিবাসী বলে তিনি জানান।
তিনি আরও জানান, নতুন করে করোনা পজিটিভ হওয়া একজন টাঙ্গাইল সদর হাসপাতালে নমুনা দিয়েছিলেন। বাদবাকি তিনজন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নমুনা দিয়েছিলেন। আজ বুধবার (১৫ জুলাই) প্রাপ্ত ফলাফলে জানা যায় তারা করোনা ভাইরাস পজিটিভ।
জানা যায়, নতুন করে ঘাটাইলে করোনা পজিটিভ হওয়া নারী জেসমিন আক্তার (৩৬) ঘাটাইল পৌর শাখার রূপালী ব্যাংকে কর্মরত। তিনি ইতোপূর্বে করোনা পজিটিভ হওয়া ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক (কনসালটেন্ট) আলমগীর কবিরের স্ত্রী। ঘাটাইল পৌরসভার চান্দশি এলাকার বাসিন্দা তাসমিনা আক্তার করোনা পজিটিভ হয়েছেন। ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কালিয়া গ্রাম এলাকার অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল গফুর (৬২) করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া ঘাটাইল পৌরসভার বানিয়াপাড়া (উত্তর) এলাকার ইসলাম করোনা পজিটিভ হয়েছেন। তিনি টাঙ্গাইল সদর হাসপাতালে নমুনা দিয়েছিলেন।
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো মমিনুল হাসান হিমেল জানান, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ঘাটাইলে করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে। আমাদের এখন আরও বেশী সতর্ক থাকা প্রয়োজন।
