বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাংড়া গ্রাম। ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৭) একই গ্রামের কালু মিয়ার মেয়ে এলিনা আক্তার (১৫)। জাহিদুল এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এলিনা নবম শ্রেণির ছাত্রী। প্রায় বছর খানেক আগে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পাশাপাশি বাড়ি হওয়ায় তাদের মধ্যে প্রতিদিনই দেখা হতো। ভালই চলছিল তাদের প্রেম। সম্প্রতি জাহিদুলের পরিবার বিষয়টি জানতে পারে। পরে জাহিদুল এলিনাকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করে। ছেলে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবে এটাই চেয়েছিল মা-বাবা। কিন্তু জাহিদুল কথা দিয়েছে এলিনাকে বাঁচতে হলে একত্রে বাঁচবে, মরতে হলেও একত্রে মরবে। তাই জাহিদুল কোন উপায় না পেয়ে মৃত্যুর পথ বেছে নেয়।
গত ২৪ ফেব্রুয়ারি ফাঁসি দিয়ে আত্মহত্যা করে জাহিদুল। এদিকে প্রেমিক জাহিদুলের মৃত্যুতে এলিনা একা হয়ে পড়ে। বুকভরা কষ্ট নিয়ে দিন কাটাচ্ছিল এলিনা। কারো সাথে তেমনটা কথা বলতো না সব সময় চিন্তামগ্ন থাকতো সে। স্কুলে যাওয়াও বন্ধ করে দেয় এলিনা। দুজনার ওয়াদা রাখতে অবশেষে ৫ মার্চ সোমবার প্রেমিক জাহিদুলের মতো আত্মহত্যার পথ বেচে নেয় প্রেমিকা এলিনা। মৃত্যুর আগে এলিনা তার লেখা চিরকুটে লিখে যায় তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মৃত্যুর পর যেন তার লাশ ময়নাতদন্ত না করা হয়। প্রেমিক জাহিদুলের কবরের পাশেই তাকে যেন কবর দেয়া হয়। চিরকুট অনুযায়ী দু-পরিবারের সম্মতিতে এলিনাকে জাহিদুলের কবরের পাশেই কবর দেয়। প্রেমিক জাহিদুল ইসলামের বাবা আনোয়ার হোসেন ছেলের প্রেমকে মেনে না নেওয়া এবং তাঁর আত্মহত্যার অনুশোচনায় বাকরুদ্ধ। তাঁর মুঠোফোনে কথা বলতে চাইলেও তিনি বলতে পারেননি। প্রেমিকা এলিনা আক্তারের বাবা কালু মিয়া ও মা অকালে মেয়েকে হারিয়ে বার বার মূর্ছা যাচ্ছে। ৮ দিনের মাথায় দুটি তরতাজা প্রাণের এমন পরিণতি মেনে নিতে পারছেনা ওই দুই পরিবারসহ এলাকাবাসী।
বাসাইল থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. নাছিম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রেমের ঘটনায় ৮ দিনের মাথায় দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এলিনার একটি চিরকুট পাওয়া গেছে। সে অনুযায়ীই তাকে সমাহিত করার ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম লিটন বলেন, ‘এলিনার চিরকুটে লেখা অনুযায়ীই তাঁর প্রেমিক জাহিদুলের কবরের পাশেই কবর দেওয়া হয়েছে।’
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।