নিজস্ব প্রতিনিধি: প্রায় চার দশক ধরে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্রবাজিসহ নানা অভিযোগে আলোচনায় থাকা টাঙ্গাইলের ‘খান পরিবারে’ এবার প্রথমবারের মতো সাজা হলো। দাইন্যা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলায় পরিবারের ছোট ছেলে সানিয়াত খান ওরফে বাপ্পাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফয়সাল আল মামুন এ রায় দেন। একই মামলায় আরও দুজনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২০ ডিসেম্বর সকালে প্রাতর্ভ্রমণে বের হলে শহরের বটতলা বাজার এলাকায় দুর্বৃত্তরা রফিকুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পরদিন তাঁর ভাই লাভলু মিয়া সদর থানায় মামলা করেন।
তদন্তে গ্রেপ্তার হওয়া শাজাহান, সুজন ও সানোয়ার হোসেন আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁদের জবানবন্দিতে উঠে আসে, ১০ লাখ টাকার বিনিময়ে সানিয়াত খান তাদের দিয়ে রফিকুলকে হত্যা করিয়েছিলেন।
টাঙ্গাইলে দীর্ঘদিন আওয়ামী রাজনীতিতে প্রভাবশালী হিসেবে পরিচিত ছিল খান পরিবার। পরিবারের চার ভাই আমানুর রহমান খান, সহিদুর রহমান খান, জাহিদুর রহমান খান ও সানিয়াত খানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও দখলসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা হয়। তবে এর আগে পরিবারের কোনো সদস্যের সাজা হয়নি।
রফিকুল হত্যা মামলায় সানিয়াতের মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে প্রথমবারের মতো খান পরিবারের কোনো সন্তান আদালতে সাজাপ্রাপ্ত হলেন।
