Homeআন্তর্জাতিকভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু

ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু

ভারতের নাগাল্যান্ডে ‘ভেজাল’ মদ পান করে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। গত দুই দিনে রাজ্যের মোককচুং জেলায় আটজন এবং তুয়েনসাং জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নাগাল্যান্ড পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ভেসুপ্রা কেজো জানান, সন্দেহভাজন অবৈধ মদ পান করার পর এসব মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার উৎস ও মদ সরবরাহের পুরো চক্র শনাক্ত করতে বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।

ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতারও করেছে পুলিশ। পাশাপাশি বিপুল পরিমাণ মদ ও বিয়ার জব্দ করা হয়েছে।

এর আগে তুয়েনসাং জেলায় ১০ ও ১১ সেপ্টেম্বর কয়েকজনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছিল, মৃতদের অনেকেই অসুস্থ হওয়ার আগে মদ পান করেছিলেন। তাদের মধ্যে ঝাপসা দেখা, তীব্র মাথাব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা যায়। তবে ফরেনসিক পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত ভেজাল মদই মৃত্যুর নিশ্চিত কারণ—এমন সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।

মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে নমুনা গুয়াহাটির ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তে কিছু সূত্র পাওয়া গেছে; তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত প্রকাশ করা হচ্ছে না।

নাগাল্যান্ডে নাগাল্যান্ড মদ সম্পূর্ণ নিষিদ্ধকরণ আইন, ১৯৮৯ অনুযায়ী মদ তৈরি, বিক্রি, সংরক্ষণ ও পান নিষিদ্ধ। আইনটি ১৯৯০ সালের এপ্রিল থেকে কার্যকর রয়েছে।

পুলিশ সাধারণ মানুষকে অপরিচিত, অনুমোদনহীন বা সন্দেহভাজন উৎসের মদ পান না করার পরামর্শ দিয়েছে। মদ পানের পর মাথা ঘোরা, ঝাপসা দেখা, শ্বাসকষ্ট, তীব্র মাথাব্যথা বা জ্ঞান হারানোর মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES

Most Popular