নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি সাজেদুল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে টাঙ্গাইল এসআরবি-১৪। গত ১১ অক্টোবর সন্ধ্যায় গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এসআরবি-১৪, সিপিসি-৩-এর মিডিয়া অফিসারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামের বাসিন্দা সাজেদুল মিয়া পেশায় একজন গৃহশিক্ষক। গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে প্রাইভেট পড়তে যাওয়া শিশুটিকে নিজ বাড়িতে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পরে শিশুটি বাড়ি ফিরে তার মাকে ঘটনাটি জানায়।
এরপর শিশুটিকে প্রথমে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসা শেষে শিশুটির বাবা অভিযুক্তের বিরুদ্ধে আদালতে মামলা করেন।
আদালতের আদেশে গত ৬ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় নাগরপুর থানায় মামলাটি নথিভুক্ত হয়।
মামলার পর থেকে সাজেদুল মিয়া আত্মগোপনে ছিলেন। তাঁকে গ্রেপ্তারে টাঙ্গাইল এসআরবি-১৪, সিপিসি-৩-এর একটি দল ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। একপর্যায়ে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে এসআরবি-১, সিপিএসসি, পোড়াবাড়ী ক্যাম্পের সহায়তায় গাজীপুর সদর থানার ভাওয়াল মির্জাপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে মামলার এজাহারভুক্ত আসামি সাজেদুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা-মা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
