নিউজ ডেস্ক: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার মধ্যে ধস্তাধস্তি ও মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

প্রতিবেদন অনুযায়ী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগমের মধ্যে এ ঘটনা ঘটে। তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে প্রায় ১০ থেকে ১২ দিন আগে এ ঘটনা ঘটে।

প্রধান শিক্ষক আফজাল হোসেন জানান, তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছে। মাঝেমধ্যে সেই বিরোধ বিদ্যালয় পর্যন্ত গড়ায়। ঘটনার দিনও বিরোধের জেরে মারামারি হয়। তাঁর দাবি, সহকর্মী শিক্ষকদের দিয়ে তিনি ভিডিওটি ধারণ করান। বিদ্যালয়ে এমন ঘটনা ঘটানো ঠিক হয়নি বলেও তিনি স্বীকার করেন।

এ বিষয়ে সহকারী শিক্ষক আসমা বেগমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

ফুলবাড়ীয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি তাঁদের নজরে এসেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর