নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামে আয়োজিত ‘ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজক কমিটির পক্ষ থেকে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়।
আয়োজকরা জানান, ঢাকা আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির অপ্রীতিকর ঘটনার ১৭ দিন আগেই অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে তার সঙ্গে চুক্তি হয়েছিল। তবে সংবাদমাধ্যমকর্মীর সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ এবং চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে তাকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন আয়োজকরা।
এর আগে শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর একটি পোস্টার শেয়ার করে পরীমনি লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’
পরে পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য ফারুক মুনির। তিনি লেখেন, সংশ্লিষ্ট সাংবাদিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি তার মায়ের কাছেও ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা না করলে আয়োজকদের বিকল্প অতিথি খোঁজার আহ্বান জানান।
তার এ বক্তব্যের পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে পরীমনিকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেন আয়োজকরা।
