মির্জাপুর প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় মহেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাদশা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) মির্জাপুর বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত সুজন মিয়া বাদী হয়ে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মির্জাপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে বাদশা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলায় প্রধান আসামি করা হয়েছে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাবেক সংসদ সদস্য খান আহমেদ শুভকে। এছাড়া ৮ নম্বর আসামি হিসেবে রয়েছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাহউদ্দিন আলমগীর রাসেল। মামলায় মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ এবং সাধারণ সম্পাদক তাহারিম হোসেন সীমান্তের নামও উল্লেখ রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল। এ সময় এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন ব্যক্তি লাঠি, লোহার রড, চাইনিজ কুড়াল, পিস্তল, শটগান ও রিভলবার নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অজ্ঞাতনামা আসামি হিসেবে সাবেক চেয়ারম্যান বাদশা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
