সখীপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা, প্রশিক্ষণ পাবেন ২১০০ যুবক-যুবতী

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ প্রকল্পের আওতায় উপজেলায় ২ হাজার ১০০ জন যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে প্রকল্পের কার্যক্রম সমন্বয়ে উপজেলা সমন্বয় কমিটি (UCC) গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস)-এর যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খ. আবদুল্লাহ শাকের। তিনি বলেন, যুবসমাজ দেশের মূল চালিকাশক্তি। বিশেষ করে যুব নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। EARN প্রকল্পের মাধ্যমে যুবসমাজকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলার পাশাপাশি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন পরিকল্পনা পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস)-এর ডেপুটি ডিরেক্টর (TVET) জগদীশ রায়। এ সময় তিনি প্রকল্পের সুযোগ-সুবিধা এবং সংশ্লিষ্ট অংশীজনদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, প্রশিক্ষণ শেষে NEET শ্রেণিভুক্ত যুবক-যুবতীরা যেন কর্মমুখী হয়ে উঠতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। পরে প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

সভায় জানানো হয়, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত EARN প্রকল্পের আওতায় সখীপুর উপজেলায় মোট ২ হাজার ১০০ জন যুবক ও যুব নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে। ২৭ মাস মেয়াদি এ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ-পরবর্তী উদ্যোক্তা সৃষ্টি, আত্মকর্মসংস্থান এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

সমাপনী বক্তব্যে ইউএনও মো. আশরাফুল আলম বলেন, EARN প্রকল্পের মাধ্যমে সখীপুরের বেকার যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। তবে প্রকল্পটি যেন শুধু আনুষ্ঠানিকতা কিংবা পরামর্শ প্রদানের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেদিকে গুরুত্ব দিতে হবে। পরিকল্পনা অনুযায়ী প্রতিটি কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়ন এবং প্রকল্পের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রকল্পের সফল বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, উদ্যোক্তা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর