নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে বাউল গান শোনাকে কেন্দ্র করে বিরোধের জেরে রবিউল হোসেন (১৯) নামে এক কলেজছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের দুই দিন পর শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রবিউল হোসেন উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত কফিল মিয়ার ছেলে। তিনি মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া এলাকায় রাজিব চাঁনের বাড়িতে আয়োজিত বার্ষিক ওরস মাহফিলে বন্ধুদের সঙ্গে বাউল গান শুনতে যান রবিউল। রাত আনুমানিক ৮টার দিকে গান শোনার সময় গেড়ামারা-গোহাইলবাড়ী এলাকার কয়েকজন তরুণের সঙ্গে তাঁর বন্ধুদের ধাক্কাধাক্কি ও কথা-কাটাকাটি হয়। এরপর থেকে রবিউল নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
শনিবার দুপুরে আড়াইপাড়া এলাকার একটি গভীর নলকূপসংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের চাচা রেজাউল করিম অভিযোগ করেন, বাউল গান শোনাকে কেন্দ্র করে কয়েকজন তরুণের সঙ্গে রবিউলের বন্ধুদের বিরোধের বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। ওই বিরোধের জের ধরে রবিউলকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রাখা হয়েছে বলে তাঁদের ধারণা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করা হবে বলেও জানান তিনি।
মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
