নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের সাইনবোর্ডসহ ভবনের কিছু অংশ পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর গ্রামীণ ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যাংকটির শাখা ব্যবস্থাপক আব্দুল মোতালেব জানান, রাতে শাখার কাজ শেষে কর্মকর্তা-কর্মচারীরা বাড়ি চলে যান। রাত আড়াইটার দিকে বিকট শব্দ ও আগুন দেখে ভবনের ওপরের তলায় থাকা সহকর্মী, পিয়ন ও নৈশপ্রহরী জেগে ওঠেন।
এ সময় নৈশপ্রহরী মো. মফিজ উদ্দিন চিৎকার করলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আগুনে ব্যাংকের সামনের সাইনবোর্ডসহ ভবনের কিছু অংশ পুড়ে গেছে। তবে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শাখা ব্যবস্থাপক আরও জানান, এ ঘটনায় তিনজন জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কাউকে শনাক্ত করা যায়নি। সিসিটিভি ফুটেজেও হামলাকারীদের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
গোপালপুর থানার ওসি মো. মোরাদ হোসেন বলেন, হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে শুক্রবার রাতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
