নিজস্ব প্রতিনিধি: জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, রাজপথে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপি আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। জনগণের মাধ্যমে বিতাড়িত হয়ে তারা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। তারা গুম, খুন, নির্যাতন ও নিপীড়ন করেছে এবং নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করেছে। এখন তারা বিভিন্ন কায়দায় আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, তাদের এখনো বোধোদয় হয়নি, কী কারণে তাদের পালিয়ে যেতে হয়েছে। তারা একবারও লজ্জিত হয়ে জাতির কাছে ক্ষমা চায়নি। ষড়যন্ত্র করে বাংলাদেশে রাজনীতি করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, জনগণই তাদের প্রতিহত করবে। বাংলাদেশের জনগণ গণতন্ত্রপ্রিয়।
বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার দেশকে ধ্বংস করেছে। সেই ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরও বলেন, জনগণের দল বিএনপিকে এত সহজে ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে, এমনটা ভাবা ঠিক নয়। জনগণ ভোটের জন্য এবং গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রাম করেছে। জনগণের দাবি ও অধিকার নিয়ে যখনই কেউ ষড়যন্ত্র করেছে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণই তাদের জবাব দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে।
রাজপথে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর জনগণের দাবি নিয়ে রাজপথে আন্দোলন করেছে। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে যারা বিশৃঙ্খলা করবে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
তিনি বলেন, কোনো অপশক্তি যাতে দেশের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একদিকে সাংগঠনিক কার্যক্রম চালানোর পাশাপাশি সরকারকে দেশ পরিচালনায় সহযোগিতা এবং জনগণের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু।
এর আগে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে সমাবেশে অংশ নেন।
সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী শফিকুল রহমান লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক অমল ব্যানার্জি, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক (ভিপি মনির), টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিমুদ্দিন বিপ্লব, যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব জাহিদ হোসেন মালা, জেলা মহিলা বিএনপির সভাপতি নিলুফা ইয়াসমিন এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
