নিজস্ব প্রতিনিধি: আওয়ামী ফ্যাসিবাদ, নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদের নেতৃত্বে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আবদুল্লাহ হেল কাফি শাহেদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মালা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাবিবুল আলম শাতিল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার কবিরুজ্জামান কবির, সদস্যসচিব ইকবাল তালুকদার, শহর যুবদলের আহ্বায়ক রাশেদ খান সোহাগ, সদস্য মীর মাজেদুর রহমান সজিব এবং জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল।
বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদ, নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকতে হবে। এ লক্ষ্যে ওয়ার্ড, পাড়া-মহল্লা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
এ সময় জেলা যুবদল ও এর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
