নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ ৬টি স্বর্ণ ও ৬টি রৌপ্যসহ মোট ১২টি পদক জিতেছে রাজশাহী তায়কোয়ানডো দোজাং। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সশ্রেণিতে অংশ নিয়ে সাফল্য অর্জন করেন দলটির নারী ও পুরুষ খেলোয়াড়েরা।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) জিমনেসিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহযোগিতায় দেশের সাতটি জেলার ২৯টি ক্লাবের ৪৮০ জন খেলোয়াড় অংশ নেন।

রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের পুরুষ বিভাগে অনূর্ধ্ব-৭ বয়সশ্রেণিতে প্রিন্স আদনান একক পুমসে ও কিওরোগী উভয় ইভেন্টে স্বর্ণপদক জেতেন। অনূর্ধ্ব-৯ বিভাগে মো. আহনাফ ইসলাম কিওরোগীতে স্বর্ণ ও একক পুমসেতে রৌপ্যপদক অর্জন করেন। অনূর্ধ্ব-১৪ বিভাগে মো. আবির আহমেদ পরশ একক পুমসেতে স্বর্ণ এবং কিওরোগীতে রৌপ্যপদক পান।

নারী বিভাগে অনূর্ধ্ব-৭ বয়সশ্রেণিতে ফাহমিদা হক ইরা একক পুমসে ও কিওরোগী উভয় ইভেন্টে স্বর্ণপদক জেতেন। অনূর্ধ্ব-১৭ বিভাগে মারিন আশরাফী একক পুমসেতে স্বর্ণ ও কিওরোগীতে রৌপ্যপদক অর্জন করেন। এ ছাড়া অনূর্ধ্ব-১৪ বিভাগে জাফরিন জারা একক পুমসে ও কিওরোগী উভয় ইভেন্টে রৌপ্যপদক লাভ করেন।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্যসচিব মোহাম্মদ সালাহউদ্দিন ও পরিচালনা কমিটির সদস্যসচিব আবদুল্লাহ আল নোমান।

প্রতিযোগিতার ফাইনাল শেষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের এ সাফল্যে খেলোয়াড়, কোচ ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর