নিজস্ব প্রতিনিধি: ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামবাহী চালান নির্ধারিত সময়ে বাংলাদেশে পৌঁছাতে পারেনি। এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, ইউরেনিয়ামবাহী বিমানের পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জন্য প্রয়োজনীয় ক্লিয়ারেন্স পাওয়া যায়নি।
মন্ত্রী বলেন, ইউরেনিয়ামবাহী বিমানটি আজারবাইজান, কাজাখস্তান ও পাকিস্তান হয়ে ভারতে আসার কথা ছিল। তবে পাকিস্তান থেকে প্রয়োজনীয় ক্লিয়ারেন্স না পাওয়ায় নির্ধারিত সময়ে চালানটি আসতে পারেনি।
কেন পাকিস্তান ক্লিয়ারেন্স দেয়নি, সে বিষয়ে সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি বলে জানান মন্ত্রী। তিনি বলেন, রাশিয়া নতুন করে অক্টোবরের প্রথম সপ্তাহে ইউরেনিয়ামের চালান পাঠানোর সময়সূচি দিয়েছে।
মন্ত্রী আরও বলেন, ইউরেনিয়াম বাংলাদেশে পৌঁছে দেওয়ার দায়িত্ব রাশিয়ার। তাই সময় কিছুটা এদিক-সেদিক হতে পারে।
