নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে ৪৪ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাশিল ইউনিয়নের কৈচুরী তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, বাসাইল উপজেলার আইসড়া গ্রামের মো. আমির হকের ছেলে মো. ইয়াহিয়া ওরফে ইয়ামিন (২২) এবং একই গ্রামের লাল্টু সরকারের ছেলে আসলাম সরকার সানিম (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল থানার একটি বিশেষ আভিযানিক দল কৈচুরী তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পাকা সড়কের ওপর থেকে ৪৪ পিস ইয়াবাসহ ইয়াহিয়া ওরফে ইয়ামিন ও আসলাম সরকার সানিমকে আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বাসাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
