বুধবার, জুন ১৭, ২০২৬
Homeখেলাধুলাআর্জেন্টিনার পতাকার রঙে সাজলো হিরো লিটনের গাড়ি

আর্জেন্টিনার পতাকার রঙে সাজলো হিরো লিটনের গাড়ি

ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের মুরালীদাহ গ্রামের বাসিন্দা হিরো লিটন। পেশায় তিনি একজন গাড়ির মিস্ত্রি। ছোটবেলা থেকেই কিছু একটা তৈরি করার নেশা তার। নিজে হেলিকপ্টার তৈরি করলেও আকাশে উড়াতে পারেননি। তবুও হাল ছাড়েননি। নিজে নিজে তৈরি করেছেন একটি চার চাকার জিপ গাড়ি। গাড়িটির রং আগে ছিল খয়েরি। তবে এখন সেজেছে আর্জেন্টিনার পতাকার আদলে।

খোঁজ নিয়ে জানা গেছে, তার পুরো নাম মো. লিটন শেখ (৩২)। তার বাবার নাম মানিক শেখ। ফরিদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সমেসপুর বাজারে হিরো লিটনের মোটর গ্যারেজ। এলাকাবাসীর কাছে তিনি হিরো লিটন নামে পরিচিত। বিশ্বকাপ ফুটবল খেলায় তার প্রিয় দল আর্জেন্টিনা। তাই প্রিয় দলের প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি নিজের তৈরি গাড়িটির রং করেছেন আর্জেন্টিনার পতাকার আদলে।

সরেজমিনে দেখা যায়, হিরো লিটন নিজের তৈরি করা গাড়িটি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন। গাড়ির ওপরে মেসির ছবিসহ প্যানাসাইন। গাড়িতে উড়ছে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা। গাড়িটি রং করতে খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা।

হিরো লিটন বলেন, ছোট থেকেই আমার কিছু একটা তৈরি করার প্রবল ইচ্ছে ছিল। সে অনুযায়ী দীর্ঘদিন ধরে একটি হেলিকপ্টার তৈরির চেষ্টা করি। কিন্তু হেলিকপ্টার তৈরি করলেও আকাশে উড়াতে ব্যর্থ হয়েছি। তারপর থেমে যাইনি। আমি একজন মোটরগাড়ি মিস্ত্রি। পরে চিন্তা করলাম একটি গাড়ি তৈরি করি। আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করে এ গাড়িটি তৈরি করেছি। গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে গাড়ির বডি সবই আমার নিজ হাতের তৈরি। সবমিলিয়ে গাড়িটি তৈরি করতে আমার খরচ হয়েছে দেড় লাখ টাকা। গাড়িটি পেট্রোল ও গ্যাসে চলে।

তিনি আরও বলেন, আমি আর্জেন্টিনা ও মেসির ভক্ত। ভালোলাগা আর ভালোবাসা থেকেই আমার এ উদ্যোগ। গাড়িটি রাস্তায় বের করলে মানুষজন ভিড় করেন, ছবি তুলেন, ভিডিও করেন। এতে আমার অনেক ভালো লাগে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular