টাঙ্গাইলে ৬ কলেজ-মাদ্রাসায় শতভাগ ফেল, পাস করেননি কোনো শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে এইচএসসি ও সমমান পরীক্ষায় ছয়টি কলেজ ও মাদ্রাসার একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠানের মধ্যে দুটি প্রতিষ্ঠানে মাত্র একজন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েও অকৃতকার্য হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) রাতে জেলা শিক্ষা অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলো হলো, গোপালপুরের খন্দকার আসাদুজ্জামান একাডেমি, শিমলা পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, গোপালপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সখীপুরের সূর্য তরুণ শিক্ষাঙ্গণ আবাসিক স্কুল অ্যান্ড কলেজ, নাগরপুরের ইসলামাবাদ দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা এবং ভূঞাপুরের অলোয়া হাই স্কুল অ্যান্ড কলেজ।

জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের মধ্যে খন্দকার আসাদুজ্জামান একাডেমি থেকে সাতজন, শিমলা পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে একজন, গোপালপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন, সূর্য তরুণ শিক্ষাঙ্গণ আবাসিক স্কুল অ্যান্ড কলেজ থেকে চারজন, ইসলামাবাদ দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা থেকে সাতজন এবং অলোয়া হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তবে কেউই উত্তীর্ণ হতে পারেননি।

শিক্ষাবিদদের মতে, শিক্ষকদের অবহেলা ও নিয়মিত ক্লাস না হওয়ার কারণে শিক্ষার্থীদের এমন ফলাফল হতে পারে।

জেলা শিক্ষা অফিস জানায়, টাঙ্গাইলে এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হার ৫০ দশমিক ৩২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৩৬৬ জন। মোট ২৯ হাজার ৮৪২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ১৬ জন।

বিভাগভিত্তিক ফলাফলে এইচএসসিতে পাসের হার ৪৯ দশমিক ৬২ শতাংশ, আলিমে ৫৬ দশমিক ২৯ শতাংশ, এইচএসসি (বিএম) ৫৫ দশমিক ৭৩ শতাংশ এবং এইচএসসি (ভোকেশনাল) ৪৯ দশমিক ৬৫ শতাংশ।

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। লিখিত জবাব পাওয়ার পর প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর