শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
Homeআন্তর্জাতিকলোকসংগীতে দেশসেরা সখীপুরের ইশা

লোকসংগীতে দেশসেরা সখীপুরের ইশা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ী গ্রামের কৃতি সন্তান অনন্যা সরকার ইশা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর লোকগীতি বিভাগে সারা দেশে প্রথম স্থান অর্জন করে অনন্য গৌরব বয়ে এনেছে।
​এই অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা সনদ ও স্বর্ণপদক (গোল্ড মেডেল) গ্রহণ করে অনন্যা। এ সময় প্রধানমন্ত্রী নিজ হাতে তার গলায় স্বর্ণপদক পরিয়ে দেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রীসহ শিক্ষা অঙ্গনের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একপর্যায়ে অনন্যা সরকার ইশা প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি ডুয়েট গান এবং চারটি কোরাস গান পরিবেশন করে। তার সুরেলা কণ্ঠ, মনোমুগ্ধকর পরিবেশনা ও অসাধারণ প্রতিভার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

অনন্যার এই সাফল্যের পেছনে তার মা তুলি সরকার, বাবা শংকর সরকার এবং সংগীতগুরু বাবু অশোক কুমার বিশ্বাসের নিরলস ভালোবাসা, উৎসাহ ও সঠিক দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

জানা গেছে, বাবার চাকরির সুবাদে অনন্যা বর্তমানে কিশোরগঞ্জের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। জন্মস্থান টাঙ্গাইলের সখীপুর হলেও নিজের মেধা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সে জাতীয় পর্যায়ে দেশের সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। অনন্যা সরকার ইশার এই সাফল্যে সখীপুরের বেড়বাড়ী গ্রাম, টাঙ্গাইলসহ সমগ্র এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular