বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে কালমেঘা জয়বাংলা বাজার-গজারিয়া চৌরাস্তা সড়ক বেহাল, দুর্ভোগে এলাকাবাসী

সখীপুরে কালমেঘা জয়বাংলা বাজার-গজারিয়া চৌরাস্তা সড়ক বেহাল, দুর্ভোগে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল সখীপুর উপজেলার কালমেঘা জয়বাংলা বাজার থেকে গজারিয়া চৌরাস্তা পর্যন্ত কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বর্ষা মৌসুমে সড়কটি কাদায় একাকার হয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার বা পাকাকরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন অংশে কাদা ও পানি জমে যায়। এতে পথচারীদের পাশাপাশি ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়।

বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে। কাঁচা সড়কটির বেহাল অবস্থার কারণে কৃষিপণ্য বাজারজাত করতেও স্থানীয় কৃষকদের বাড়তি সময় ও খরচ গুনতে হচ্ছে বলে জানান তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, বিগত সময়ে জনপ্রতিনিধি ও সংসদ সদস্যদের কাছে সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবি জানানো হয়েছে। বিভিন্ন সময়ে সড়কটি উন্নয়নের আশ্বাসও পাওয়া গেছে। তবে দীর্ঘদিন পার হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কাজ শুরু হয়নি।

এলাকাবাসীর দাবি, কালমেঘা জয়বাংলা বাজার থেকে গজারিয়া চৌরাস্তা পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কার ও পাকাকরণ করা হলে কয়েকটি এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।

দীর্ঘদিনের অবহেলিত এ কাঁচা সড়কটি দ্রুত পাকাকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

RELATED ARTICLES

Most Popular