নিউজ টাঙ্গাইল ডেস্ক: সাংবাদিক দম্পত্তি সাগর রুনি হত্যাকান্ডের ক্লু এখনো পাওয়া যায়নি। যার ফলে ওই মামলার তদন্ত কাজ এখনো নিষ্পত্তি করা যায়নি। মহামান্য হাইকোর্টের নির্দেশে র্যাব এ হত্যাকা-ের তদন্ত করছে। ক্লু পেলে তার প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলে নব নির্মিত ‘এসপি পার্ক’ উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বিএনপি’র কোনো কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না । গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিটি বৈধ রাজনৈতিক দলের সভা সমাবেশ করার অধিকার রয়েছে। আইনের বাধ্যবাধকতার মধ্যে থেকে কেউ কোনো কর্মসূচি পালন করলে পুলিশ তাদের বাধা দেবে না। প্রয়োজনে তাদের সহযোগিতা করবে। এর আগে পুলিশ প্রধান এসপি পার্কে একটি গাছের চারা রোপণ করেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ‘বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতারও উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম’র সভাপতিত্বে নারী কল্যাণ সংস্থার সভাপতি বেগম শামসুন্নাহার রহমান, অতিরিক্ত আইজি শহিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলাম, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
