বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeদেশের খবরগাজীপুরে স্ত্রীকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা

গাজীপুরে স্ত্রীকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা

পারিবারিক কলহের জেরে স্ত্রী মহাসিনা আক্তারকে (৩০) ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন স্বামী শরিফুল আলম। পরে তিনি নিজেরও গলার শ্বাসনালি কেটে আত্মহত্যার চেষ্টা করেন। সোমবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় শরিফুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মহাসিনা রংপুরের পীরগাছা থানার সৈয়দপুর এলাকার মজিবুর রহমানের মেয়ে। গ্রেপ্তার শরিফুল নীলফামারী সদর থানার মৌলভীপাড়া এলাকার নূরুল আলমের ছেলে।

পুলিশ ও স্বজনেরা জানান, শরিফুল ও তাঁর স্ত্রী গাজীপুর সিটি করপোরেশনের সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় রাজিব হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় জিএমএস নামের একটি কারখানায় চাকরি করতেন। এটা তাঁদের দুজনেরই দ্বিতীয় সংসার। নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। পারিবারিক কলহের জেরে সাত দিন আগে মহাসিনা তাঁর স্বামীকে তালাক দেন। এ ঘটনায় বাড়ির মালিক তাঁদের দুজনকে আলাদা থাকার কথা বললে গত এক সপ্তাহ তাঁরা আলাদা ছিলেন। সোমবার সকালে মহাসিনা চাকরিতে যাওয়ার আগে শরিফুল তাঁর ঘরে যান। একপর্যায়ে ঘরের মধ্যে দুজনের ঝগড়া-বিবাদ হয়। তাঁদের বাগ্‌বিতণ্ডার সময় ঘরের দরজাও বন্ধ ছিল।

হঠাৎ ঘরের ভেতর থেকে চিৎকারের শব্দ পান পাশের ঘরের অন্য ভাড়াটিয়ারা। বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়। পরে বাড়ির মালিক এসে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে লাগোয়া অন্য ঘরের ওপর দিয়ে দুজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মহাসিনার লাশ উদ্ধার ও শরিফুলকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, স্ত্রীকে গলা কেটে হত্যা করে শরিফুল নিজের গলার শ্বাসনালি কেটে আত্মহত্যার চেষ্টা করেন।

বাড়ির মালিক রাজিব হোসেন জানান, পারিবারিক কলহের জেরে এক সপ্তাহ আগে তাঁদের মধ্যে তালাক হয়। এরপর থেকে তাঁরা আলাদাই থাকতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) জাকির হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টার পর দরজা খুলে মহাসিনার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এ ছাড়া আহত শরিফুলকে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য একই হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular