নিজস্ব প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ভূঞাপুর লিং রোডে বাস চাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন।
বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র উপজেলার এলেঙ্গা রাজাবাড়ি এলাকার জুলহাস মিয়ার ছেলে ও শামছুল হক কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. ইমন মিয়া (১৮)। এ ঘটনায় একই এলাকার সামাদ মিয়ার ছেলে শাওন মিয়া (১৮) ও হাশেম মিয়ার ছেলে আসিফ মিয়া (১৯) গুরুতর আহত হয়েছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল কর্তপক্ষ তাদের উন্নত চিকিৎসার জন্য আহতদের ঢাকায় প্রেরণ করেন।
এবিষয়ে টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুসফিকুর রহমান জানান, তিন বন্ধু মোটরসাইকেল যোগে মহাসড়ক পার হচ্ছিলো। এসময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মো. ইমন মিয়া নিহত হন।
এ সময় গুরুতর আহত অবস্থায় শাওন ও আসিফকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায় বলে জানান তিনি।
