মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল-১ আসনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে উত্তেজনা—হাসপাতাল–যানবাহন ভাঙচুর, আহত ৮

টাঙ্গাইল-১ আসনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে উত্তেজনা—হাসপাতাল–যানবাহন ভাঙচুর, আহত ৮

নিজস্ব প্রতিনিধি, নিউজ টাঙ্গাইল: টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে দলীয় মনোনয়নকে ঘিরে মধুপুর পৌর শহরে বিএনপির দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ও দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় শুরু হওয়া এই সংঘর্ষে দুটি বেসরকারি হাসপাতাল ও বেশ কিছু যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। আহত হয়েছেন উভয় পক্ষের আটজন।

সংঘর্ষ শুরু হলে মধুপুর শহরের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং প্রায় এক ঘণ্টা বাসস্ট্যান্ড ও ত্রিমোহনা এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল-১ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন দলীয় প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর থেকেই অপর মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ আলী গ্রুপ মনোনয়ন বাতিলের দাবিতে কর্মসূচি দিয়ে আসছে। বুধবার বিকেলে মোহাম্মদ আলী গ্রুপের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করেই দুই পক্ষের মুখোমুখি অবস্থান তৈরি হয়।

স্বপন ফকির গ্রুপের দাবি, তারা শান্তিপূর্ণ সমাবেশে যাচ্ছিলেন, কিন্তু প্রতিপক্ষের লোকজন সমঝোতার আহ্বান অগ্রাহ্য করে হামলা চালায়। এতে মধুপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফ, পারভেজ ও সাব্বির আহত হন।

অন্যদিকে, মোহাম্মদ আলী গ্রুপের বক্তব্য—আনারস চত্বরে তাদের ঘোষিত কর্মসূচি চলাকালে প্রতিপক্ষ কর্মীরা উসকানিমূলক আচরণ করেন। মিছিল নিয়ে বাসস্ট্যান্ডের দিকে এগোতেই ককটেল বিস্ফোরণের পর সংঘর্ষ শুরু হয়। এতে তাদের পাঁচজন কর্মী আহত হন বলে দাবি করা হয়।

মধুপুর থানার ওসি এমরানুল কবীর জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

এ ঘটনার জেরে বেসরকারি হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধন ও সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular