ভিপি নুরের উপর হামলার ঘটনায় গ্রেফতার ৩ জন রিমান্ডে

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম মাইনুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন, মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য ও মেহেদি হাসান শান্ত।

হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে তদন্তকারী কর্মকর্তা বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের লক্ষ্যে এবং পলাতক আসামিদের শনাক্তসহ গ্রেফতারের লক্ষ্যে তাদের পাঁচদিনের রিমান্ডে নেয়া প্রয়োজন।

এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভিপি নুরুল হক নুরসহ অন্য ছাত্রদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানার নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোহাম্মদ রইচ হোসেন বাদী হয়ে এ মামলা করে। মামলা নং- ৩৪।

পুলিশের দায়ের করা মামলায় আটজনের নাম উল্লেখসহ ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে কোটা সংস্কার নেতাকর্মীদের ওপর মুক্তিযোদ্ধা মঞ্চ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়। এ সময় ভিপি নূরকে অবরুদ্ধ করে রাখার পাশাপাশি ডাকসুতে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় নূরসহ অন্তত ২৮ জন শিক্ষার্থী আহত হন। সেখান থেকে চিকিৎসার জন্য তাদের ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর