টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস-বল্লাচালা গ্রামে ব্যাপক জোঁকের উপদ্রব দেখা দিয়েছে। অতিরিক্ত জোঁকের কারণে স্থানীয় বাসিন্দাদের চলাচলে ভোগান্তি বেড়েছে। বিশেষ করে গ্রামের রাস্তাঘাট ও আশপাশের স্যাঁতসেঁতে এলাকায় জোঁকের উপস্থিতি বেশি থাকায় আতঙ্ক ও দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা মামুন হাসান মেহেদী জানান, পরিবার নিয়ে গ্রামের বাড়িতে ঘুরতে গিয়ে জোঁকের উপদ্রবের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে। ছোট শিশুদের নিয়ে চলাচলেও সমস্যায় পড়ছেন অনেকে। তিনি বলেন, এ এলাকায় জোঁকের উপদ্রব অনেক বেশি। শুধু মানুষ নয়, জোঁকের কারণে গরু-ছাগলও স্বাভাবিকভাবে খাবার খেতে পারছে না।
স্থানীয়রা জানান, বর্ষাকাল ও স্যাঁতসেঁতে পরিবেশের কারণে এলাকায় জোঁকের উপদ্রব বেড়েছে। এতে প্রতিদিনই নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের। জোঁকের উপদ্রব থেকে স্থানীয়দের স্বস্তি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
